ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসর শুরু হবে ২৩ মার্চ। সে কথা আগেই জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গতকাল আইপিএলের প্রথম দুই সপ্তাহের সূচি ঘোষণা করা হয়েছে। ২৩ মার্চ প্রথম ম্যাচে ঘরের মাঠে ধোনির চেন্নাই সুপার কিংস খেলবে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরুর সঙ্গে। ২৪ মার্চ কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে খেলবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে।
ভারতের লোকসভা নির্বাচন এবং আইপিএল একই সময়। তাই বাকি সূচি ঘোষণা করা হবে নির্বাচনের তারিখ ঘোষণার পর। প্রয়োজন হলে ঘোষণা করা সূচিও পরিবর্তন হতে পারে। ঘোষিত সূচিতে ২৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত মোট ১৭টি ম্যাচ হবে। দিল্লি ও ব্যাঙ্গালুরু এই সময়ের মধ্যে খেলবে পাঁচটি করে ম্যাচ। বাকি ছয় দল খেলবে চারটি করে।
