আতলেতিকোর মাঠে জুভেন্তাসের পরীক্ষা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৮ পিএম

চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বে উঠে প্রথম লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে জুভেন্তাস। আজ আতলেতিকো মাদ্রিদের মাঠে প্রথম লেগে নামবে তারা। ইউরোপিয়ান ফুটবলের আন্ডারডগ আতলেতিকো গত মৌসুমে ইউরোপা জিতেছিল। এই মৌসুমে লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে দারুণ লড়াই করে লিগে দ্বিতীয় স্থানে থাকা দলটি। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ঘরের মাঠে সর্বশেষ ১২টি ম্যাচে অজেয় আতলেতিকো। এছাড়া ইতালিয়ান ক্লাবগুলোর বিপক্ষে শেষ আটটি দুই লেগের নকআউট লড়াইয়ের চারটিতেই জিতেছে তারা। আর সবচেয়ে উল্লেখযোগ্য হলো, ইউরোপিয়ান প্রতিদ্বন্দ্বিতায় সর্বশেষ পাঁচ ম্যাচে আতলেতিকোর মাঠে জিততে পারেনি কোনো ইতালিয়ান দল। এসব পরিসংখ্যান আজ মাদ্রিদে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে জুভেন্তাসকে। বহুল পরীক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাখরা কাটাতে আজ জিতে ফেরা বেশ গুরুত্বপূর্ণ ইতালি জায়ান্টদের জন্য। দিনের অন্য ম্যাচে জার্মান দল শালকের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। শেষ ষোলোর প্রথম লেগটি ইংলিশ জায়ান্টদের অ্যাওয়ে ম্যাচ। অবশ্য ফর্মে থাকা দলটির জন্য শালকের বাধা অতিক্রম করা কঠিন কিছু নয়।

১৯৯৬-এর পর জুভেন্তাসে কোনো ইউরোপিয়ান শিরোপা আসেনি। নিকটঅতীতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের খুব কাছে এসেও সাফল্য পায়নি দলটি। তাদের ব্যর্থতার একমাত্র কারণ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই মৌসুমে পর্তুগিজ তারকাকে দলে টেনেছে জুভেন্তাস। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে নিয়ে এবার ফেভারিট ইতালিয়ান জায়ান্টরা। তবুও আতলেতিকোকে নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি।

আতলেতিকোর মাঠে রোনালদোকে কেন্দ্র করে জয়ের স্বপ্ন দেখছে জুভেন্তাস। আজ স্বাগতিকদের পুরনো শত্রু সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। রিয়ালের হয়ে অনেকবার দলটির স্বপ্ন চুরমার করেছেন পাঁচবারের এই বর্ষসেরা। আজও সেরকম কিছুর আশা করছে তুরিনোর দলটি। স্প্যানিশ দলটির বিপক্ষে রোনালদোর সাফল্য ঈর্ষণীয়। ২০১০ থেকে মোট ৩১ বারের দেখায় ১৫ জয় পেয়েছেন রোনালদো। সমান আটটি করে ড্র ও হার। এছাড়া গোল করেন ২২টি আর অ্যাসিস্ট ৮টি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ২০১৭ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে হ্যাটট্রিক। এসব কারণেই রোনালদোয় ভর করে আজ সফল হওয়ার ক্ষণ গুনছে জুভেন্তাস।

আতলেতিকোর জন্য এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় প্রেরণা চলতি মৌসুমের ফাইনাল। যা হবে আতলেতিকোর মাঠেই। ফাইনালে উঠলে শিরোপা জয়ের সম্ভাবনা একটু বেশিই

থাকবে দলটির। গত মৌসুমে গ্রুপ পর্বই পেরোতে পারেননি সিমিওনেরা। এবার এই সাফল্য দেখানো দলটিকে নিয়ে আরও এগোতে চান এ আর্জেন্টাইন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত