টেস্ট সিরিজটাই এলোমেলো করে দিয়েছে পূর্বানুমান। মনে করা হচ্ছিল ইংল্যান্ডের সঙ্গে ভালো করতে পারবে না উইন্ডিজ। বাস্তবে তিন টেস্টের সিরিজ ২-১-এ দুর্দান্তভাবে জিতে নিয়েছে স্বাগতিকরা। সেই কারণেই আজ শুরু হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে কোনো দল ফেভারিট নয়। যদিও পরিসংখ্যান ইংল্যান্ডের পক্ষে কথা বলছে।
কেনসিংটন ওভালে আজ দু’দলের প্রথম ম্যাচ। উইন্ডিজে এই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে ইংল্যান্ড বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে। সর্বশেষ উইন্ডিজ সফরে তিনটি ওয়ানডে খেলেছিল ইংলিশরা। ২০১৬-১৭ মৌসুমে তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ক্যারিবীয়রা। এরপর ২০১৭ সালের ইংল্যান্ড সফরেও পাঁচ ম্যাচের সিরিজ ৪-০-তে হেরেছিল তারা। এবার বিশ্বকাপের আগে কি পরিস্থিতি বদলাবে? টেস্ট সিরিজের ফলাফলকে যদি ইঙ্গিত মনে করা হয় তাহলে উইন্ডিজের আশা আছে। দলে আছেন স্বঘোষিত ‘ইউনিভার্সাল বস’ ক্রিস গেইল। শেষ টেস্টে না খেলা জেসন হোল্ডার দলের নেতৃত্ব দেবেন। আছেন শেই হোপ ও শিমরোন হেটমেয়ারের মতো প্রতিভা।
ইংল্যান্ড ওয়ানডে দলের নেতৃত্বে ইয়ুন মরগান। শেষ টেস্টে সেঞ্চুরি করা জো রুট ওয়ানডে সিরিজেও দলের ভরসা হয়ে উঠতে পারেন।
