পদ্মা সেতুর অষ্টম স্প্যান বসছে আজ বুধবার। শরীয়তপুরের জাজিরা প্রান্তে সেতুর ৩৫ ও ৩৬ নম্বর পিলারের ওপর এটি বসানো হবে। ১৫০ মিটার দৈর্ঘ্যরে এই স্প্যানটি বসলে তা হবে জাজিরা প্রান্তে বসানো সপ্তম স্প্যান। এর ফলে সেখানে সেতুর ১ হাজার ৫০ মিটার অংশ দৃশ্যমান হবে। অপর একটি স্প্যান বসানো হয়েছে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের সাংবাদিকদের জানান, গতকাল মঙ্গলবার সকালে স্প্যানটি নিয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া থেকে জাজিরা প্রান্তের উদ্দেশ্যে রওনা হয় ভাসমান ক্রেন তিয়ান-ই। বুধবার সকালের দিকে ক্রেনটি জাজিরা প্রান্তে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। এদিনই এটি বসানোর কথা রয়েছে। তিনি আরও জানান, এর আগে জাজিরা প্রান্তে ছয়টি ও মাওয়া প্রান্তে একটি স্প্যান বসানো হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর জাজিরা প্রান্তে পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়। সর্বশেষ চলতি বছরের ২৩ জানুযারি ওই প্রান্তেই সপ্তম স্প্যান বসানো হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসবে। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা।
×
