উপজেলা চেয়ারম্যান সাঈদীপুত্র মাসুদ কারাগারে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪০ এএম

মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও ইন্দুরকানী উপজেলার চেয়ারম্যান মাসুদ সাঈদীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় গতকাল মঙ্গলবার জামিন আবেদন করলে পিরোজপুর জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা দায়রা জজ শামসুল হক তা নামঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন মাসুদ সাঈদী। এজাহার থেকে জানা যায়, গত বছরের

২৫ ডিসেম্বর রাতে মাসুদ সাঈদী উপজেলার সাঈদখালীতে একটি বাড়িতে বসে জামায়াত নেতাদের নিয়ে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে পাঁচটি পেট্রলবোমা, কয়েকটি ককটেলসহ দুই জামায়াত কর্মীকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুদ পালিয়ে যান। এ ঘটনায় পরদিন ইন্দুরকানী থানার এসআই ওহিদুজ্জামান বাদী হয়ে বিস্ফোরক আইনে মাসুদ সাঈদী, জামায়াত সমর্থক হাফেজ মো. জাকির হোসেন, ওবায়দুল্লাহসহ আরও ১২ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত