বিএনপিকেও ক্ষমা চাইতে হবে: তথ্যমন্ত্রী

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১২ পিএম

জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট করে আন্দোলন ও সরকার পরিচালনা করায় বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উক্ত অনুষ্ঠানে গণতন্ত্রের অভিযাত্রায় শেখ হাসিনা শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন মন্ত্রী। বইটি লিখেছেন সুজন হালদার।   

মন্ত্রী আরো বলেন, যুদ্ধাপরাধী দলের সঙ্গে সখ্য করায় বিএনপি নেতারাও একই দোষে দুষ্ট হয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, দলীয় সিদ্ধান্তে জামায়াত ক্ষমা চাইলেও একাত্তরে সংঘটিত গণহত্যা এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা থেকে তারা দায়মুক্ত হতে পারবে না। হাছান মাহমুদ বলেন, জামায়াতের ভেতর থেকে দাবি উঠেছে ক্ষমা চাওয়ার। এ দাবিতে তাদের কয়েকজন পদত্যাগও করছেন। আমি মনে করি,এই পদত্যাগের ঘোষণা বা তাদের মধ্য থেকে ক্ষমা চাওয়ার যে কথাবার্তা বলা হচ্ছে, এগুলো দেশি-বিদেশি চাপমুক্ত হওয়ার একটি কৌশল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহ-সভাপতি দিলীপ কুমার রায়, প্রচার সম্পাদক আখতার হোসেনসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত