‘হলের বাইরে’ ভোট কেন্দ্র চায় ঢাবির ৯১ শতাংশ শিক্ষার্থী

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২২ পিএম

‘হলে নয়, ডাকসুর ভোটকেন্দ্র অনুষদে চাই’ শিরোনামে গণস্বাক্ষর কর্মসূচিতে ৯১ শতাংশ শিক্ষার্থী হলের বাইরে অনুষদে ভোট কেন্দ্র করার রায় দিয়েছে। অন্যদিকে হলের ভেতর ভোট কেন্দ্র চেয়েছে ৫ শতাংশ শিক্ষার্থী।

গণস্বাক্ষরের ফলাফল বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য বরাবর স্মারকলিপি মাধ্যমে  পেশ করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ‘হলে নয় অনুষদে ভোট কেন্দ্র চাই’ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে গণস্বাক্ষর কর্মসূচিতে শিক্ষার্থীরা এই রায় দেয়।

৭ কার্যদিবস পরিচালিত গণস্বাক্ষর কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ টি হলের ৩১৪৫ জন শিক্ষার্থী সাক্ষর করেন। সাক্ষরকারীরা সাক্ষরের মাধ্যমে অনুষদে হ্যাঁ(অনুষদে চাই) এবং অনুষদে না (হলে চাই) এই দুটি মতামত প্রদান করেন। এতে অনুষদে ভোটকেন্দ্র চাই এর পক্ষে ভোট পড়ে  ২৮৮১ টি, হলে ভোট কেন্দ্র চাই ভোট পড়ে ১৫৯ টি। নিরপেক্ষ ও বাতিল ভোট পড়ে ১০৫ টি। 

স্মারকলিপি তে ৬ টি দাবি করা হয় বিশেষ পরিস্থিতে হলে নয়,অনুষদে ভোট কেন্দ্র চাই, সভাপতির ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে, নির্বাচিত ব্যক্তিরা নির্বাচিত হয়ে যেন কোনো অনিয়ম চর্চা করতে না পারে, নির্বাচিত ব্যক্তিকে ভোটার কর্তৃক অভিশংসনের ব্যবস্থা করতে হবে, হল ও কেন্দ্রীয় সংসদের ফি প্রদান করে এমন সকল শিক্ষার্থীকেই ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ তৈরি করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সংগঠনের মধ্যে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করতে হবে, ভোটকেন্দ্রে সাংবাদিকদের অবাধ প্রবেশ, প্রচারের ব্যবস্থা এবং সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

জানতে চাইলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি বেনজীর আহমেদ দেশ রূপান্তরকে বলেন, আমরা উপাচার্যকে সাধারণ শিক্ষার্থীদের এই চাওয়ার কথা জানিয়েছি। যদি ও উপাচার্য একটি দলের হয়ে কাজ করছে। তবুও আমরা আশা করি আমাদের দাবিগুলো বাস্তবায়নে তারা পদক্ষেপ নিবে।

এই বিষয়ে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান এর মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য আগামী ১১ ই মার্চ ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র হলের ভেতর দেওয়ায় আপত্তি তুলেছে সরকার বিরোধী সকল ছাত্র সংগঠন। তাদের অভিযোগ হলের ভেতর ছাত্রলীগের একক আধিপত্য । এত নির্বাচনে ভোট কারচুপি হওয়ার সম্ভাবনা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত