সৌন্দর্য প্রকাশে সুন্দর হাসি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৪ পিএম

দাঁত আমাদের সৌন্দর্য প্রকাশের অন্যতম অঙ্গ। গবেষণায় উঠে এসেছে একজন মানুষ যখন অন্য একজন অপরিচিত মানুষকে দেখে, তখন প্রথম চোখে পড়ে তার হাসি। কর্মব্যস্ততার এই যুগে আমাদের প্রতিনিয়ত নিজের যোগ্যতায় কর্মক্ষেত্রের প্রতিযোগিতায় টিকে থাকতে হয়। আত্মবিশ্বাস বাড়াতেও সুন্দর দাঁত বিশেষ ভূমিকা রাখে। আমাদের মধ্যে অনেকেই তার দাঁত নিয়ে মনঃকষ্টে ভোগেন। প্রাণভরে হাসতে পারেন না।

কারণ

বিবর্ণ দাঁত : দাঁতের উজ্জ্বলতা হারালে মন ছোট হয়ে যায়। পান, জর্দা, ধূমপান, সঠিক নিয়মে নিয়মিত দাঁত পরিষ্কার না করা, অতিরিক্ত কফি পান, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, আঘাতজনিত সমস্যা, খাবার পানিতে অতিরিক্ত লৌহ বা ফ্লোরাইড, কারণ যাই হোক, দাঁতে কালো বা অন্য কোনো দাগ নিয়ে নিজের ব্যক্তিত্বহানী করার সময় এখন না। অনুমোদিত ডেন্টাল চিকিৎসকের পরামর্শে স্কেলিং ও পলিশিং করিয়ে নিলেই অধিকাংশ ক্ষেত্রে দাঁতের উজ্জ্বলতা ফিরে আসে। দাঁতের নিজস্ব রং পরিবর্তন হলে ব্লিচিং বা ট্রুথ হোয়াইটিংয়ের প্রয়োজন হতে পারে। এ ছাড়া ল্যামিনেশন, ভিনিয়ার তো আছেই।

উঁচুনিচু বা এলোমেলো দাঁত : দাঁত আর চোয়ালের পরিধির মধ্যে তারতম্য, দুধদাঁত সঠিক সময়ে না পড়া, অতিরিক্ত সময় পর্যন্ত আঙুল চোষা, যে কারণেই হোক, আঁকাবাঁকা দাঁত নিয়ে সৌন্দর্যহানি হয়, অনেকের আবার মুখ বন্ধ করলেও ওপরের ও নিচের দাঁতের মধ্যে ফাঁকা হয়ে থাকে। কিছুদিন আগেও আমাদের দেশের মানুষরা মনে করতেন এর কোনো চিকিৎসা নেই । বর্তমানে দেশের অর্থোডেন্টিস্টরা প্রমাণ করছেন, যেকোনো বয়সেই সঠিক চিকিৎসা নিলে দাঁতকে সুসজ্জিত করা সম্ভব। তবে যত তাড়াতাড়ি এর চিকিৎসা নেওয়া যায়, তত কম সময়ে সহজ পদ্ধতিতে চিকিৎসা পাওয়া যায়। কখনো কখনো চোয়ালের হাড় অতিরিক্ত উঁচু হলে সার্জারির প্রয়োজন হতে পারে। অনেকে প্রাকৃতিক দাঁতকে কেটে কৃত্রিম ক্যাপের সাহায্যে অল্প সময়ে সুন্দর করতে চাই, এই পদ্ধতিকে শক্তভাবে নিরুৎসাহিত করা হয়।

দাঁতের মধ্যে ফাঁকা : দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা নিয়ে বেশির ভাগ মানুষ কিন্তু এমন অবস্থাকে মানসিকভাবে মেনে নেন না। নানা রকম কুসংস্কারও রয়েছে এ নিয়ে। ফাঁকার পরিমাণ ও কারণ চিহ্নিত করে একজন অনুমোদিত ডেন্টিস্ট সহজেই দাঁতের রঙের সঙ্গে মিল করে বিশেষ বন্ডিং ফিলিংয়ের মাধ্যমে নিখুঁত করে এ সমস্যার সমাধান দিতে পারে। এ ছাড়া অর্থোডেন্টিক চিকিৎসা ব্যবস্থা তো আছেই।

অতিরিক্ত মাড়ি দেখা যাওয়া : সাধারণ অবস্থাতে হাসলে মাড়ির খুব অল্প অংশ দেখা যায়। তবে কারও কারও নানা কারণে মাড়ির অনেকখানি দেখা যায় আর তারা সহজে হাসেন না। এ অবস্থার সমাধান অতি সহজ। অনুমোদিত ডেন্টাল সার্জন সহজেই ছোট সার্জারির মাধ্যমে সৌন্দর্যকে অক্ষুণœ রাখতে পারেন।

হাসতে হবে, হাসি আমাদের আত্মবিশ্বাসকে মজবুত রাখে, মানসিক চাপ কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে, মনকে রাখে প্রফুল্ল। দাঁতের কারণে যদি সেই হাসিতে লাগাম ধরতে হয়, তবে তা দুঃখজনক। দাঁতকে আকর্ষণীয় করতে অনুমোদিত ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিন।

ডা. মো. আসাফুজ্জোহা রাজ
রাজ ডেন্টাল ওয়ার্ল্ড, ধানমন্ডি ১৩
রাজ ডেন্টাল সেন্টার, কলাবাগান
ফোন : ০১৯১১-৩৮৭২৯১

×
সর্বশেষ সর্বাধিক পঠিত