দেশের ৭৭টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে ১০ ভাগ শয্যা ও চিকিৎসার বিধান পালনে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা পালনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আবু তৌহিদ ভূঁইয়া প্রিন্স হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট আবেদনটি করেন।
কার্যতালিকায় এলে আগামী সপ্তাহে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান রিটকারী আইনজীবী। তিনি আরও জানান, রিট আবেদনে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, দেশের সব জেলার সিভিল সার্জন, ৭৭টি বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কর্র্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
আইনজীবী প্রিন্স দেশ রূপান্তরকে বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট নীতিমালায় রয়েছে, গরিব ও অসহায় রোগীদের জন্য বেসরকারি হাসপাতালগুলোতে ১০ ভাগ শয্যা বরাদ্দ রাখাসহ ওই রোগীদের বিনা মূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কিন্তু স্কয়ার, ল্যাবএইডসহ ৭৭টি খ্যাতনামা বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এই বিধান একেবারেই প্রতিপালিত হচ্ছে না। নীতিমালা থাকার পরেও গরিব রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এজন্যই জনস্বার্থে রিট আবেদনটি করা হয়েছে।’
