বিশ্বকাপে আপনার সর্বকালের সেরা একাদশে রাখবেন কাদের? একটু ভাবনার বিষয় নিশ্চয়ই থাকছে এখানে। তবে কিছু ক্রিকেটারদের তো না রেখে উপায় নেই। সাকিব আল হাসান, মাশরাফী বিন মোর্ত্তজারা যে সবার একাদশেই থাকবেন তা একরকম বলাই যায়। কিন্তু মোহাম্মদ আশরাফুল কি থাকবেন আপনার সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে?
পাঠকদের ভোটে বিশ্বকাপে বাংলাদেশের সর্বকালের সেরা একাদশ তৈরি করতে যাচ্ছে ক্রিকইনফো। যেখানে থাকতে পারেন মোহাম্মদ আশরাফুলও।
ক্রিকইনফোর ওয়েবসাইটে ইতিমধ্যে চলছে ভোট গ্রহণ। ব্যাটসম্যান ক্যাটাগরিতে ৯ জন এবং অলরাউন্ডার ও বোলার ক্যাটাগরিতে ক্যাটাগরিতে ৮ জনকে রাখা হয়েছে। এই ১৭জন থেকে পাঠক তাদের সেরা একাদশ গঠন করবে। ভোটের জন্য নামগুলোর পাশে ভোট লেখা স্থানে ক্লিক করলেই হবে।
ব্যাটসম্যানদের তালিকায় স্থান পেয়েছেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মিনহাজুল আবেদীন নান্নু, সৌম্য সরকার ও খালেদ মাসুদ পাইলট (উইকেটরক্ষক)।
অলরাউন্ডার ও বোলার তালিকায় রয়েছেন- সাকিব আল হাসান, মাশরাফী বিন মোর্ত্তজা, রুবেল হোসেন, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, খালেদ মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ রাসেল।
৭ মার্চ পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। তবে একাদশ বেছে নিতে একটি নির্দেশনা নামতে হবে সবাইকে। কমপক্ষে পাঁচজন ব্যাটসম্যান বেছে নিতে হবে যেখানে থাকবে একজন উইকেটরক্ষকও। আর অলরাউন্ডার ও বোলার মিলে থাকতে কমপক্ষে পাঁচজন।
ক্রিকইনফোর তাদের বাংলাদেশ প্রতিনিধির করা সেরা একাদশও প্রকাশ করেছে। যে একাদশে আছেন- তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মিনহাজুল আবেদীন নান্নু, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাহমুদ, মোহাম্মদ রফিক, মাশরাফী মোর্ত্তজা ও রুবেল হোসেন।
এবার বেছে নেওয়ার পালা আপনার। আপনার ভোটেই হয়তো চূড়ান্ত তালিকায় স্থান পাবেন আপনার প্রিয় ক্রিকেটার।
