বাংলাদেশের সিনেমা হলের অবস্থা তেমন ভালো নয়, একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কেন? সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার পেছনের কারণ অনুসন্ধান করেছেন সাংবাদিক মঈন আব্দুল্লাহ। দীর্ঘদিনের সেই অনুসন্ধানী খবরগুলো তুলে ধরেছেন জাতীয় দৈনিকের পাতাতেও। অনুসন্ধানী সেই লেখাগুলো ঠাঁই করে নিল বইয়ে। এবারের বইমেলায় ‘সিনেমা হলে তালা’ শিরোনামে বইটি প্রকাশিত হয়েছে।
এ প্রসঙ্গে দেশ রূপান্তরকে মঈন আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ সিনেমা হল বন্ধ হয়ে গেছে। অনেক হলই অনিয়মিত সিনেমা প্রদর্শন করে থাকে। আসলে সিনেমা হলে তালা প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। সারা দেশের সিনেমা হলের চিত্র নিয়ে এ বইটি সাজানো হয়েছে। এ ছাড়া দেশের অধিকাংশ সিনেমা হল কেমন চলছে এ তথ্যও পাওয়া যাবে এতে। পাশাপাশি একসময় সিনেমা হল বন্ধ হয়ে যাবে। ইতিহাসে নাম লেখাবে এসব হল। সেই ক্ষেত্রে আমার বইটি সিনেমা হল সম্পর্কে জানতে সহায়তা করবে।’
বইটি প্রকাশ করেছে বাংলানামা। বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি চত্বর, স্টল নম্বর- ৬৮। বইটির মূল্য ১৮০ টাকা। রকমারিসহ বইয়ের ই-কমার্স সাইটগুলো থেকেও বইটি কেনা যাবে।
