বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুরান ঢাকার চকবাজারে ‘সরকারের দায়িত্বহীন কর্মকাণ্ডের’ কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। মির্জা ফখরুল বলেন, ‘বুধবার রাতের ভয়াবহ এ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭৮ জনের করুণ মৃত্যু হয়েছে। অনেকে মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন। সরকারের উদাসীনতার কারণে এ ধরনের মর্মস্পর্শী ঘটনার পুনরাবৃত্তি, যা কোনোভাবেই কাম্য নয়।’ গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় ফখরুল নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের সুস্থতা কামনা করে চিকিৎসক ও দেশের মানুষকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান। এর আগে সকাল পৌনে ১০টার দিকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘বাহান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা আজ ভূলুণ্ঠিত। বিএনপি অমর একুশের চেতনা বুকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবে।’
এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
চকবাজারের ঘটনায় বিএনপির কর্মসূচি : চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে আজ শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত ও আগামীকাল নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়।
