অগ্নিকাণ্ডের খবরে খুবই শোকাহত হলাম : মমতা

রাশিয়া, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের শোক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫৫ এএম

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জন নিহতের ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল বৃহস্পতিবার এক টুইটবার্তায় তিনি লেখেন, ‘বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরে খুবই শোকাহত হলাম। নিহতদের পরিবারকে জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ রাশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শোক : এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট  পুতিন। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, পুতিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় চকবাজারে হতাহতের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী পেনি মরডান্ট। বিবৃতিতে মরডান্ট বলেন, ‘ঢাকার ভয়াবহ আগুনে নিহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এ সপ্তাহের শুরুতে আমি শহরটি সফর করেছিলাম। যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে তাদের প্রতি সমবেদনা।’ গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে একটি বহুতল ভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত