আফগানিস্তানকে জেতালেন নবি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৩ এএম

বোলিং-ব্যাটিংয়ে দারুণ পারফরম্যান্স দেখালেন মোহাম্মদ নবি। তার অসাধারণ অলরাউন্ডিং নৈপুণ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেয়েছে আফগানিস্তান।

বৃহস্পতিবার ভারতের দেরাদুনে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারায় আফগানিস্তান। জয়ের জন্য ১৩৩ রানের লক্ষ্যে চার বল বাকি থাকতেই পাঁচ উইকেট হারিয়ে ১৩৬ রান করেন আসগর আফগানের দল। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।

নির্ধারিত ওভার শেষে ছয় উইকেটে ১৩২ রান করে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড। অপরাজিত থেকে ২৮ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন জর্জ ডকরেল। ৩১ রান নিয়ে অপরাজিত থাকেন স্টুয়ার্ট পন্টনার। অন্যদের মধ্যে পল স্টার্লিং ২৩ ও স্টুয়ার্ট থম্পসন ১৮ রান করেন।

আফগানিস্তানের বোলারদের মদ্যে দুটি করে উইকেট নেন নবি ও রশিদ খান। একটি করে উইকেট নেন মুজিব উর রহমান ও করিম জানাত।

রান তাড়ায় নেমে একের পর এক উইকেট হারাতে থাকে আফগানিস্তান। দলীয় ৫০ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে তারা। ষষ্ঠ উইকেট জুটিতে নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে প্রতিরোধ গড়েন নবি। ৮৬ রানের এই জুটির দৃঢ়তায় আর কোনো উইকেট না হারিয়ে জয়োল্লাসে ভাসে আফগানিস্তান।

৪০ বলে সাত চারে ৪৯ রান নিয়ে অপরাজিত থাকেন নবি। তার গুরুত্বপূর্ণ ইনিংসটি পাঁচ চার ও এক ছক্কায় সাজানো। ৩৬ বলে তিন চার ও এক ছক্কায় ৪০ রান নিয়ে অপরাজিত থাকেন জাদরান।

অলরাউন্ডিং নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কারটি নিজের করে নেন নবি।

শনিবার একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত