এই দিনে

২৩ ফেব্রুয়ারি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৭ পিএম

কিংবদন্তি বাঙালি জাদুশিল্পী পি সি সরকার ১৯১৩ সালের এই দিনে টাঙ্গাইল জেলার আশেকপুর গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম প্রতুলচন্দ্র সরকার। স্থানীয় শিবনাথ হাইস্কুলে তার শিক্ষাজীবন শুরু হয়।  গণপতি চক্রবর্তী ছিলেন তার জাদুবিদ্যার গুরু। সপ্তম-অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় তিনি জাদু দেখানো শুরু করেন এবং কলেজে অধ্যয়নকালে পুরোপুরি জাদুবিদ্যার চর্চা শুরু করেন। ১৯২৯ সালে প্রবেশিকা এবং ১৯৩৩ সালে গণিতশাস্ত্রে অনার্সসহ বিএ পাস করে তিনি জাদুকে পেশা হিসেবে গ্রহণ করেন। পি সি সরকার শুধু জাদুশিল্পীই ছিলেন না, তিনি একজন লেখকও ছিলেন। জাদুবিদ্যা বিষয়ে ১৯৬৮ সাল পর্যন্ত  ইংরেজি, বাংলা ও হিন্দি ভাষায় প্রকাশিত তার গ্রন্থের সংখ্যা ২০টি। গ্রন্থগুলো জাদুবিদ্যার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। জাদুশিল্পে পি সি সরকারের কৃতিত্ব হলো তিনি বহু প্রাচীন জাদুখেলার মূল সূত্র আবিষ্কার করেন। ‘এক্স-রে আই’, ‘করাত দিয়ে মানুষ কাটা’, ‘ওয়াটার অব ইন্ডিয়া’ প্রভৃতি তার জনপ্রিয় খেলা। ১৯৩৪ সালে তিনি বিদেশ গমন করেন এবং ৭০টির মতো দেশে জাদু প্রদর্শন করে ব্যাপক খ্যাতি ও পর্যাপ্ত অর্থ উপার্জন করেন। ১৯৫৭ ও ১৯৬৭ সালে আমেরিকায় এবং ১৯৬২ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মস্কো ও লেনিনগ্রাদ শহরে জাদু প্রদর্শন করে তিনি বিপুল সুনাম অর্জন করেন। জাদু দেখিয়ে তিনি দুবার আমেরিকার জাদুবিদ্যার নোবেল প্রাইজ বলে খ্যাত ‘দি ফিনিক্স অ্যাওয়ার্ড’ লাভ করেন। এ ছাড়া তিনি ‘গোল্ডবার’ ও ‘সুবর্ণ লরেল মালা’ নামে জাদুর ক্ষেত্রে সবচেয়ে বড় জার্মান পুরস্কার, হল্যান্ডের ‘ট্রিক্স পুরস্কার’ পান। ১৯৬৪ সালে ভারত সরকার প্রদত্ত ‘পদ্মশ্রী’ উপাধিতে ভূষিত হন তিনি। তার পুত্র পি সি সরকার জুনিয়রও একজন বিশ্বখ্যাত জাদুশিল্পী। ১৯৭১ সালের ৬ জানুয়ারি জাপান সফরকালে পি সি সরকার মৃত্যুবরণ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত