গাজীপুরের শ্রীপুরে মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে শাহিদা আক্তার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার আক্তাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে সিরাজুল হক গাজীর মেয়ে।
নিহতের ছোট ভাই পারভেজ জানায়, গত বৃহস্পতিবার পাশের বাড়ির সুমন ঘর থেকে তার মোবাইল চুরির পর শাহিদাকে সন্দেহ করে। বিষয়টি শাহিদা অস্বীকার করলে সন্ধ্যায় সুমন তাকে মারধর করে। পরে মানসিক চাপ সইতে না পেরে সে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে সুমন পলাতক। শ্রীপুর থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘শাহিদার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ এদিন সকালে উপজেলার মাওনা-কালিয়াকৈর সড়কের পাশের এক ডোবা থেকে আলালউদ্দিন (৮০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ময়মনসিংহের ভালুকার বাসিন্দা। আর উপজেলার ধনুয়া গ্রামে আরএকে সিরামিক কারখানার টিনশেডের ছাদ পরিষ্কার করার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে সাখাওয়াত হোসেন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। তার বাড়ি রাজবাড়ীর পাংশায়।
×
