পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রকল্প বাস্তবায়নে ধীরগতি এবং সরকারি অর্থের অপচয় সহ্য করা হবে না। যার যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে।
তিনি বলেছেন, প্রকল্প পরিচালকরা ঢাকায় বসে মাঠ পর্যায়ের প্রকল্প দেখাশোনা করতে ভালোবাসেন। তাদের অনেকে প্রকল্প এলাকায় থাকেন না। সরকারের দেওয়া দামি গাড়িতে সপরিবারে ঢাকায় ঘুরে বেড়ান।
মন্ত্রী বলেছেন, অথচ সরকার এ জন্য তাদের ৩০ লাখ টাকা দামের গাড়ি দেয়নি। গাড়ি দেওয়া হয়েছে কাজ করার জন্য, ঘুরে বেড়ানোর জন্য নয়।
পরিকল্পনামন্ত্রী শনিবার সিলেট সার্কিট হাউসে সিলেট বিভাগে বাস্তবায়নাধীন ৫৮টি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
সভাসূত্র জানায়, এই ৫৮ প্রকল্পের মধ্যে ৩০টির কাজ চলছে ধীর গতিতে, পাঁচটির অগ্রগতি শূন্যের কোটায়, বাকিগুলোর অগ্রগতি মোটামুটি।
প্রকল্প বাস্তবায়নের এই ধীর গতিতে ক্ষোভ প্রকাশ করে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার যথাসময়ে কাজ করার জন্য জনবল, অর্থ সব দেয়। কিন্তু সময়মতো কাজ না করে সরকারি অর্থের অপচয় করা হয়। এটা আর সহ্য করা হবে না।
পরিকল্পনামন্ত্রী সিলেট সিটি করপোরেশন এলাকায় কালভার্ট ও সড়ক তৈরিতে দুই কোটি টাকা ব্যয়ে পরামর্শক নিয়োগের প্রস্তাবের সমালোচনা করে বলেন, ‘সিটির ইঞ্জিনিয়ার আছেন, উনারা কেন করেন না, কেন এত টাকা দিয়ে পরামর্শক নিয়োগ দিতে হবে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের সীমিত সম্পদ। এই সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে দেশের উন্নয়ন করতে হবে। অপচয়-দুর্নীতি করলে উন্নয়ন ব্যাহত হবে।’
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল মনসুর মোহাম্মদ ফয়েজউল্লাহ, সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক কৃষ্ণা গায়েন প্রমুখ। এ ছাড়া বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর ‘প্রকল্প পরিচালকরা’ সভায় উপস্থিত ছিলেন।
