স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য এ যেন এক মহা-মিলনমেলা। ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে (ডব্লিউএমসি) ব্যানারে ফুটবলের নগরী হিসেবে খ্যাত স্পেনের বার্সেলোনায় আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে এই মেলা। সারা পৃথিবী থেকে অন্তত ২০০টি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মেলায় যোগ দেবে। এসব নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে আইফোন নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল, দক্ষিণ কোরিয়ার স্যামসাং, এলজি, চীনের হুয়াওয়ে, শাওমি, অপ্পো, লেনোভো, জিটিই, ফ্রান্সের অরেঞ্জ, যুক্তরাজ্যের বিটি, জাপানি সনিসহ বিশ্বের নামিদামি সব প্রতিষ্ঠানই ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে যোগ দিতে যাচ্ছে।
অধিকাংশ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানই এ মেলায় চলতি বছরের জন্য তাদের ফ্লাগশিপ মোবাইলটির উদ্বোধন করবে। এরই ধারাবাহিকতায় এবারের কংগ্রেসে বড় আকর্ষণ হিসেবে থাকছে ফোল্ডেবল স্মার্টফোন। নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এরই মধ্যে তাদের ফোল্ডেবল ফোনের ভিডিও প্রকাশ করেছে। চাইনিজ নির্মাতা প্রতিষ্ঠান ‘অপ্পো’ও ভাঁজফোনের ঘোষণা দিয়েছে। ফোল্ডেবল বা ভাঁজফোন নির্মাতা প্রতিষ্ঠানের তালিকায় এ বছর বেশ কয়েকটি প্রতিষ্ঠান নাম লেখাবে বলে ধারণা করা হচ্ছে।
মেলায় প্রত্যেকটি প্রতিষ্ঠানই নতুন একাধিক চমক নিয়ে হাজির হবে। শুধু মোবাইল নয়, স্মার্টফোন ও নেটওয়ার্ক সম্পৃক্ত অন্যান্য পণ্য নিয়ে মেলায় হাজির হবে কোম্পানিগুলো। এবার ফাইভজি নেটওয়ার্ক সাপোর্টেড পণ্যের একটি বিশাল সমাহার দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। মেলায় ‘নাইন পিওর ভিউ’ নামক ফ্ল্যাগশিপ মোবাইল নিয়ে হাজির হচ্ছে নকিয়া। ধারণা করা হচ্ছে, এই স্মার্টফোনের মাধ্যমে মোবাইল বাজারে আবার ঘুরে দাঁড়াবে ফিনল্যান্ডের এই কোম্পানিটি। বিগত বছরগুলোতে স্মার্টফোনে উইন্ডোজ সিস্টেম ব্যবহার করে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়েছিল একসময়ের নামিদামি এই কোম্পানি।
আগামীকাল শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিন চলবে মেলার কার্যক্রম। মেলার পর বাংলাদেশের বাজারগুলোতেও দেখা মিলবে নামিদামি প্রতিষ্ঠানগুলোর সাড়া জাগানো ফ্ল্যাগশিপ বহন করা স্মার্টফোনগুলোকে। সারা বিশে^ যত স্মার্ট ফোনপ্রেমী আছে, সংগত কারণেই তাদের সবার চোখ এখন বার্সেলোনায়।
