১৩০ বিলিয়ন ডলারের স্মার্ট পোশাকের বিশাল বাজারে বাংলাদেশের অবস্থান সুসংহত করার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ফ্যাশনলজি সামিটের দ্বিতীয় আসর। আগামী ২ মে থেকে ঢাকার আন্তর্জাতিক বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ আসর অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের বর্তমান অবস্থান বিশ্বে দ্বিতীয়। বস্ত্রশিল্পের চতুর্থ বিপ্লব হিসেবে খ্যাত স্মার্ট পোশাকের বাজার অত্যন্ত সম্ভাবনাময়। ক্রমেই চাহিদা বৃদ্ধি পাওয়া এই বিশেষ পোশাকের বিশ্ববাজারে মূল্য ২০২৫ সাল নাগাদ ১৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে উল্লেখ করেছে গবেষণা প্রতিষ্ঠান সায়েন্টিফিকা রিসার্চ। গত বছর বাংলাদেশের পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় ৩২ দশমিক ৯২ বিলিয়ন ডলার। কিন্তু এর সিংহভাগ এখনো শার্ট, টি- শার্ট, ট্রাউজার, ডেনিম এবং সোয়েটার মোট পাঁচটি বেসিক বা মৌলিক পোশাক পণ্যে সীমাবদ্ধ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের আসরে পাঁচটি প্যানেল আলোচনা সভায় ডিজিটাইজেশন ব্যবহারের মাধ্যমে কীভাবে প্রতিযোগিতা নিয়ে আলোচনা করবেন বিশ্বের খ্যাতনামা আলোচকরা। বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনারের তৈরি স্মার্ট পোশাকের ‘ডিজিটাল টেক ফ্যাশন রানওয়ে শো’ শীর্ষক একটি জমকালো প্রদর্শনীর আয়োজন থাকবে।
×
