এই বছর একুশে পদক পেয়েছেন নাট্যজগতের তিন বরেণ্য ব্যক্তি সুবর্ণা মুস্তাফা, লাকী ইনাম ও লিয়াকত আলী লাকী। রাষ্ট্রের এই বিশেষ সম্মানপ্রাপ্তিতে এই তিন নাটকের মানুষকে সংবর্ধনা দিয়েছে ‘অভিনয়শিল্পী সংঘ’। গত শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় শিল্পী সংঘের বার্ষিক সাধারণ সভায় ফুল দিয়ে তাদের সম্মাননা জানানো হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘অভিনয়শিল্পীরা আমাদের দেশের স্বাধিকার আদায়ের সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতার সংগ্রাম সব ক্ষেত্রেই অনবদ্য ভূমিকা ছিল।’
সুবর্ণা মুস্তাফা বলেন, ‘শিল্প, সাহিত্য, সংস্কৃতি এই সবকিছুর পৃষ্ঠপোষকতা আমরা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে। এখন পাচ্ছি আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। একুশে পদক পাওয়ার অনুভূতিটা ছিল অন্যরকম আনন্দের। আজ আমার কাছের মানুষদের কাছে সম্মাননা পেয়েও অনেক ভালো লাগছে।’
লাকী ইনাম বলেন, ‘বাংলাদেশ না হলে কোথায় থাকত আমাদের বাঙালি শিল্পচর্চা। আজকে আমি ঋণ ঘোষণা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আমি তার হাত থেকে পদক পেয়েছি, এটা অত্যন্ত আনন্দের ও গর্বের।’
এদিকে অভিনয়শিল্পী সংঘের নির্বাচন মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। এতে নিজেদের কাজের বিবরণ তুলে ধরেছেন সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। তিনি জানিয়েছেন, আগামী মার্চ মাসে সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
