রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে শোকসভা ও বিশেষ দোয়া ও মোনাজাত করেছে বরিশাল মহানগর বিএনপি। গতকাল শনিবার দুপুর ১২টায় বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে নগরের সদর রোডের দলীয় কার্যালয়ে ওই শোকসভা অনুষ্ঠিত হয়।
সভায় মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, ‘বিনা ভোটে নির্বাচিত এই সরকার জনগণের সরকার নয়। তাই তারা জনগণের কথা চিন্তা করে না। তারা শুধু পুলিশ আর প্রশাসনের ওপর ভর করে রাষ্ট্রক্ষমতায় টিকে আছে। জনগণকে নিয়ে চিন্তা করে না বলেই তারা নিমতলীর অগ্নিকা-ের পর অগ্নিনির্বাপণ ব্যবস্থার কোনো উন্নয়ন করেনি।’ শোকসভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ।
