এক মৌসুমে চার শিরোপার স্বপ্ন সত্যি করার প্রথম ধাপ ম্যানচেস্টার সিটির সামনে। ইংলিশ কারাবাও কাপের ফাইনালে চেলসির বিপক্ষে লড়বে তারা। ঐতিহ্যবাহী ওয়েম্বলিতে মৌসুমের প্রথম শিরোপা নিশ্চিত করতে চায় তারা। কারাবাও কাপের ফাইনালে ওঠা ছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের প্রতিদ্বন্দ্বিতায় ভালোভাবেই আছে পেপ গার্দিওলার দল।
ম্যানসিটির চার শিরোপার লক্ষ্য পূরণের প্রথম বাধা চেলসি। যে দলটিরও এই শিরোপা জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা চেলসির জন্য খুব কঠিন হয়ে পড়েছে। সমান কঠিন প্রিমিয়ার লিগ শিরোপা জয়। এমন অবস্থায় দলটির কোচ মরিসিও সারির দায়িত্বও নড়বড়ে। মৌসুমের প্রথম ফাইনালে শিরোপা জিতলেই কেবল অবস্থার বদল আসতে পারে।
