দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও যৌন হয়রানিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। আওয়ামী লীগ-বিএনপির প্রভাবশালী কেউও আইনের ঊর্ধ্বে নন বলেও জানান তিনি। গতকাল শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি’ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘কোনো প্রভাবশালী ব্যক্তি আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দল করেন- এ কারণে তিনি আইনের ঊর্ধ্বে থাকবেন, তা কিন্তু হবে না। আমি মন্ত্রী হয়েছি বলে অপরাধের কারণে আমার সাজা হবে না, তা কিন্তু নয়।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পরএই হত্যাকাণ্ডের বিচার যাতে না হয় সে জন্য ইনডেমনিটি আইন করা হলো। এটা কি কোনো মানুষ করতে পারে? অপারেশন ক্লিনহার্টের নামে অনেক মানুষকে মেরে ফেলা হলো। এরপর আইন করে বলল, যারা দায়ী তাদের বিচার করা যাবে না। একাত্তরে যারা আমাদের মা-বোনদের নির্যাতন করেছে, মানুষ খুন করেছে অথচ তাদের বিচার করা যাবে না। সেই অন্ধকার যুগ থেকে বেরিয়ে আসতে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন।’
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে গণপূর্তমন্ত্রী বলেন, ‘গ্রামকে শহর করতে প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কথা ভাবছেন। রাষ্ট্রীয় সামাজিক সূচকসহ সব কিছুতেই যেন আমরা এগিয়ে থাকতে পারি, সেই বহমান উন্নয়ন যাত্রায় আমরা শামিল হয়েছি।’ বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. মোহাম্মদ নূর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক, রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রমুখ।
