উদ্ধার করলেন কুকুর, হয়ে গেল নেকড়ে!

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৪ এএম

বরফে ঢাকা নদীর ঢালে পড়ে কাতরাচ্ছে কুকুরটি। অনেক চেষ্টা করে উদ্ধার করা হলো। কিন্তু এ কী! পশু হাসপাতালে নেওয়ার পর জানা গেল এটা কুকুর নয়, নেকড়ে! চোখ চানাবড়া হওয়ার মতো এমনই এক ঘটনা ঘটেছে এস্তোনিয়ায়।

উত্তর-পূর্ব এস্তোনিয়ার মধ্য দিয়ে যাওয়া পারনু নদীর সিনদি ড্যামে কাজ করছিলেন দেশটির কিছু শ্রমিক। হঠাৎ তারা দেখতে পান কুকুর সদৃশ একটি প্রাণী বরফময় পানিতে আটকে পড়ে আছে। ঠাণ্ডায় জমে আসা প্রাণীটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উদারমনা শ্রমিকরা নিয়ে যান একটি ক্লিনিকে। আর তখনই তাদের চোখ ওঠে যায় কপালে! যে প্রাণীটিকে এত কদর করে তারা ক্লিনিকে আনলো সেটা কুকুর নয়, নেকড়ে।

এস্তোনিয়ান ইউনিয়ন ফর দ্য প্রটেকশন অব অ্যানিমেলস (ইউপিএ) থেকে জানানো হয়েছে, পশু চিকিৎসা কেন্দ্রে আনার সময় নেকড়েটার শরীরের তাপমাত্রা খুব কম ছিল। তাই গাড়িতে তোলার সময় বেশি নড়াচড়া করতে পারেনি।

কুকুর ভেবে নেকড়েটাকে উদ্ধার করা রানদো কার্তসেপ নামের এক শ্রমিক স্থানীয় এক সংবাদপত্রকে বলেন, “এটাকে নিয়ে নদীর ঢালু দিয়ে আসতে হয়েছে আমাদের। তখন এটাকে দেখে শান্ত মনে হয়েছে।”

“এটা শান্ত ছিল। আমার দুই পায়ের উপর ঘুমিয়েছে। যখন আমি পা নাড়াতে চাইতাম তখন এটা মাথা জাগাতো।”

উদ্ধার করা পশুটি কুকুর না নেকড়ে এটা নিয়ে ধাঁধায় পড়ে গিয়েছিলেন খোদ পশু চিকিৎসকরাও। কিন্তু স্থানীয় নেকড়ে সম্পর্কে ধারণা আছে এমন এক শিকারিই শেষ পর্যন্ত নিশ্চিত করেন, এটা একটি পুরুষ নেকড়ে; বয়স আনুমানিক এক বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত