সাত দাবিতে ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও ছাত্রদলের

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হলের বাইরে ভোটকেন্দ্র স্থাপন, হলে হলে সহাবস্থান নিশ্চিত করা এবং ভোট তিন মাস পেছানোসহ সাত দাবিতে উপাচার্য কার্যালয় ঘেরাও করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার দুপুর ১২টায় উপাচার্য কার্যালয়ের প্রবেশমুখে প্রধান ফটকে অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে তারা ক্যাম্পাসে মিছিল করে।

এসময় ছাত্রদল কর্মীরা ‘প্রহসনের নির্বাচন মানি না, মানব না/হলে হলে ভোটকেন্দ্র মানি না মানব না/অবিলম্বে ৭ দফা মেনে নাও, নিতে হবে’- এ ধরনের বিভিন্ন স্লোগান দেয়।

কর্মসূচিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ  সম্পাদক বাশার সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকী বলেন, “আমরা আমাদের ৭ দফা দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তাই আজকে আমাদের অবস্থান কর্মসূচি। আমরা আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করব।”

প্রসঙ্গত, প্রায় তিন দশক পর আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র সংসদের বহুল প্রত্যাশিত এ নির্বাচনে আলোচনায় রয়েছে ছাত্রলীগ ও ছাত্রদলসহ চারটি সম্ভাব্য প্যানেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত