সংরক্ষিত আসনে নির্বাচিত নারী সংসদ সদস্যরা (এমপি) অধিবেশনে যোগ দিয়েছেন। রোববার চলতি সংসদের প্রথম অধিবেশনের ১৫তম কার্যদিবসে যোগ দেন তারা।
এবারের সংরক্ষিত নারী আসনের সাংসদদের মধ্যে ৪৬ জনই নতুন মুখ। ৩ জন বিগত সময়ে সংরক্ষিত ও নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
সংসদ অধিবেশনে যোগদান উপলক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশন চলাকালে তাদের স্বাগত জানান। স্পিকার বলেন, ‘আমি তাদের আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি তারা সংসদীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে সংসদ আরও প্রাণবন্ত ও কার্যকর হবে।’
এক সম্পূরক প্রশ্নের ফাঁকে সাবেক শ্রম প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু ব্যক্তিগতভাবে জাতীয় সংসদে আসা নারী সংসদ সদস্যদের অভিনন্দন জানান।
গত বুধবার সংরক্ষিত আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেন ৪৯ জন। গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত ৪৯ জনের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নতুন নির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির ৪ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন ও স্বতন্ত্র ১ জন রয়েছেন। দলগুলোর প্রাপ্ত সাধারণ আসনের সংখ্যানুপাতে বণ্টন হওয়া নারী আসনে বিএনপির একটি আসন পাওয়ার সুযোগ আছে। কিন্তু দলটির পক্ষ থেকে নির্বাচিতরা এখনো শপথ না নেওয়ায় তাদের নারী আসনটি স্থগিত রয়েছে।
