অভিনয় আর নাচ দিয়ে অনেক আগেই অগণিত ভক্তের মন জয় করেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তবে এবার অভিনয় নয়, গায়িকার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন তিনি। সম্প্রতি একটি ইংরেজি পপ অ্যালবামে গান গেয়েছেন এ তারকা। মাধুরী বলেন, ‘আমি বহুমুখী কাজ করতে পছন্দ করি। গান, নাচ, অভিনয় ছাড়াও বিবিধ সৃজনশীল কাজ নিয়ে নিরীক্ষা করতে চাই। আর এ কারণে অ্যালবাম তৈরি করলাম। এই অ্যালবামে নিজেকে প্রকাশ করার একটা রাস্তাও খোলা হলো। গানের মাধ্যমে আমার বক্তব্য ভক্তদের জানাতে চাই। আমি বিশ্বাস করি, বলিউডের আবহ এখন এই রকম, যেখানে একই সময় একাধিক জায়গায় নিজেকে মেলে ধরা যায়। আগে একজন অভিনয়শিল্পী একসঙ্গে এতগুলো কাজ করতে পারতেন না। আশা করছি, কিছুদিনের মধ্যে গানগুলো ভক্তদের উপহার দিতে পারব।’
প্রসঙ্গত, সঞ্জয়লীলা বানসালির বিখ্যাত সিনেমা ‘দেবদাস’-এর ‘কাহে ছেড় ছেড় মোহে’ গানে কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে একটি কবিতায় কণ্ঠ দেন মাধুরী। সে সময় তার গেন কবিতা আবৃত্তি ব্যাপক প্রশংসিত হয়। এদিকে মাধুরী অভিনীত ‘টোটাল ধামাল’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। শিগগিরই মুক্তি পাবে ছবিটি।
