ইউপিডিএফ নেতা প্রকাশ চাকমা ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩৭ এএম

রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে গতকাল রবিবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) শীর্ষ নেতা আনন্দ প্রকাশ চাকমাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সংস্থাটির দাবি, আনন্দ চাকমা রাঙ্গামাটির নানিয়ারচর  উপজেলার চেয়ারম্যান শক্তিমান চাকমা ও তপন জ্যোতি চাকমা হত্যার পরিকল্পনাকারী এবং হত্যাকান্ডে অংশগ্রহণকারী।

র‌্যাব-২-এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আনোয়ার উজ জামান জানান, উলফা নেতা আনন্দ প্রকাশ চাকমা ওরফে কর্ণ ওরফে অক্ষর ওরফে বর্ণ (৫৯) রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন স্টাফ কলোনি এলাকায় অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রকাশ চাকমা জানায়, সে শক্তিমান চামকা ও তপন জ্যোতি চাকমা হত্যার পরিকল্পনাকারী এবং হত্যাকাণ্ডে অংশ নেয়। র‌্যাবের দাবি, প্রকাশ পেশাদার খুনি, অপহরণকারী ও চাঁদাবাজ। সে গত বছর ৩ এপ্রিল নানিয়ারচর উপজেলা কমপ্লেক্সের গেটে শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে। পরদিন শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তপন জ্যোতি চাকমাসহ আরও ১০-১২ লোক নিয়ে যাওয়ার সময় গুলি করে পাঁচজনকে হত্যা করে। হত্যাকা-ের পর থেকে প্রকাশ চাকমা পলাতক ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত