নির্বাচনে কোনো প্রকার চাপ, লোভ বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্রের অভিযাত্রার জন্য স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নির্বাচনেই কোনো রূপ শিথিলতা প্রদর্শনের সুযোগ নেই।’
গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) উপজেলা নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচিতে ইসি মাহবুব আরও বলেন, ‘পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অতি সন্নিকটে। এই নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা কেবল অগ্রণী ভূমিকা নয়, সামগ্রিক ভূমিকা পালন করবেন।’
এ নির্বাচন কমিশনার বলেন, ‘আমি নিজে প্রশিক্ষক ছিলাম। কারণ যিনি প্রশিক্ষণ গ্রহণ করেন, প্রশিক্ষণ সমাপনান্তে তিনি আর একই ব্যক্তি থাকেন না। তিনি প্রশিক্ষণের পর যেন ভিন্ন ব্যক্তিতে পরিণত হন।’ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘কোনো বিষয়বস্তু সম্পর্কে অস্পষ্টতা থাকলে, তা এখানে নিরসন করা বাঞ্ছনীয়। কোনো বিষয়ে যদি কারও বিভ্রান্তি থাকে, তাহলে আপনারা যাদের প্রশিক্ষণ দেবেন, তাদের মধ্যে সে বিভ্রান্তি সঞ্চারিত হওয়ার আশঙ্কা আছে। এমন অবস্থা কোনোভাবেই কাম্য নয়।’
