এই দিনে

২৬ ফেব্রুয়ারি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩০ পিএম

২০০৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক বজলুর রহমান।  তার জন্ম ১৯৪১ সালের ৩ আগস্ট ময়মনসিংহের ফুলপুরে। তিনি ১৯৫৬ সালে শেরপুর জেলার গণবর্দী স্কুল থেকে ম্যাট্রিক, ১৯৫৮ সালে আনন্দমোহন কলেজ থেকে আইএ পাস করেন; ১৯৬১ সালে বরিশালের ব্রজমোহন কৃলজ থেকে বিএ এবং ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি লাভ করেন। ষাটের দশকে তিনি কিছুকাল দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ১৯৬১ সালে তিনি দৈনিক সংবাদে সহকারী সম্পাদক পদে যোগ দেন। বজলুর রহমান সংস্কৃতি ও রাজনীতিমনস্ক সাংবাদিক ছিলেন। তিনি কমিউনিস্ট পার্টি ও ন্যাশনাল আওয়ামী পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং সক্রিয় ভূমিকা রাখেন। এ সময় তিনি কমিউনিস্ট পার্টির মুখপত্র সাপ্তাহিক একতা’র প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক এবং ওই বছরই সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৮০ সালে বঙ্গবন্ধু পরিষদ গঠিত হয়। বজলুর রহমান ছিলেন এ পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। বজলুর রহমান জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৮০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত। তিনি সংবাদ জগতের নানা সংগঠন ও সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন। শিশু সংগঠন খেলাঘরের সভাপতি ছিলেন। রাজনীতি ও সাংবাদিকতায় এসে তিনি অর্থনীতি বিষয়ে বিস্তর লেখালেখি করেন। তবে লেখার গ্রন্থরূপ দিয়েছেন কমই। তার প্রণীত বাংলাদেশের অর্থনীতির হালচাল : ১৯৭৪-১৯৮৭ মূল্যবান গ্রন্থ। সাংবাদিকতায় অবদানের জন্য ২০১২ সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত