অ্যান্টিবায়োটিক মুক্ত ডিম মুরগি ২০২৪ সালে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৭ পিএম

২০২৪ সালের মধ্যে শতভাগ অ্যান্টিবায়োটিক-মুক্ত ডিম ও মুরগির মাংস উৎপাদন করবে বাংলাদেশ। সবার জন্য নিরাপদ ডিম ও মুরগির মাংসের জোগান নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছে সরকার ও পোলট্রি শিল্প। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘পোল্ট্রি ফর হেলদি লিভিং’ শীর্ষক গোলটেবিল আলোচনায় খাতটির ব্যবসায়ীরা এ তথ্য জানান।

পোল্ট্রিখাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংগঠন ওয়াপসা-বিবির সভাপতি শামসুল আরেফিন খালেদ বলেন,  ২০২৪ সালের মধ্যে শতভাগ অ্যান্টিবায়োটিক-মুক্ত ডিম ও মুরগির মাংস উৎপাদন করবে বাংলাদেশ। শুধু ভাত খেয়ে উন্নত জাতি গঠন করা সম্ভব নয়। পুষ্টির চাহিদা পূরণে ডিমের কোনো বিকল্প নেই। সরকারের সহযোগিতা পেলে ২০২১ সালের মধ্যে পোলট্রি ফিড নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না এবং ২০২৪ সালের মধ্যে পোলট্রি পণ্য রপ্তানি শুরু করা সম্ভব হবে। 

প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) মহাপরিচালক ডা. হীরেশ রঞ্জন ভৌমিক বলেন, প্রাণিজ আমিষের মান নিশ্চিতকরণে পশু ও মৎস্য খাদ্য আইন প্রণয়নের পাশাপাশি পোলট্রি উন্নয়ন নীতিমালা সংশোধনেরও কাজ চলছে। পোলট্রি শিল্পের বড় চ্যালেঞ্জ দাম এবং গুণগতমান ঠিক রাখা। সেক্ষেত্রে আমাদের যথেষ্ট নজরদারি রয়েছে। তাছাড়া কিছুদিন আগে যারা ট্যানারির বর্জ্য থেকে পোলট্রি খাবার তৈরির অপচেষ্টা করছিল সেটাও শক্ত হাতে দমন করা হয়েছে।  বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক. ড. নাথুরাম সরকার বলেন, তথ্য বিভ্রাটের কারণে সাধারণ মানুষ ডিম ও মুরগির মাংস খাওয়া কমিয়ে দিতে পারে। তাই সংবাদ পরিবেশনের আগে খেয়াল রাখতে হবে তা যেন অহেতুক আতঙ্কের কারণ না হয়।

ওয়াপসা-বিবি’র সহ-সভাপতি ইয়াসমীন রহমান বলেন, ২০২১ সালের চাহিদা মেটাতে হলে বছরে প্রায় ১ হাজার ৫০০ কোটি ডিম ও ২০ লাখ টন মুরগির মাংস উৎপাদন করতে হবে।  গোলটেবিলে বক্তারা জানান, রাজধানীতে লা মেরিডিয়ানে আগামী ৫ মার্চ শুরু হচ্ছে দুদিনব্যাপী ১১তম আন্তর্জাতিক পোলট্রি শো ও সেমিনার।

৫ ও ৬ মার্চ ‘আন্তর্জাতিক পোলট্রি সেমিনার’ শেষে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ৭-৯ মার্চ পর্যন্ত চলবে পোলট্রি শো। প্রতিদিন সকাল ৯টা থেে ক শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত