অনিবাসীদের কথা শুনতে হবে : বিডা চেয়ারম্যান

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৭ পিএম

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘আমাদের অনিবাসী বাংলাদেশিদের কথা শুনতে হবে। তাদের বিভিন্ন ধারণা ভাবনা ট্র্যাক করতে হবে এবং অবশ্যই তার ফলোআপ রাখতে হবে’। বিডা কার্যালয়ে গতকাল প্রবাসী বাংলাদেশি (এনআরবি) প্রকৌশলীদের সম্মেলন অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি সংক্রান্ত সভায় সভাপতিত্ব করার সময় এ কথা বলেন তিনি। প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এনআরবি প্রকৌশলীদের দুদিনের সম্মেলন শুরু হচ্ছে আজ মঙ্গলবার।

কাজী মো. আমিনুল ইসলাম বলেন, অনিবাসীদের কাছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি), বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি (বিএইচটিপিএ) বিনিয়োগের ক্ষেত্রে কোন সংস্থা কী কাজ করে, কাজের ধরন কেমন, তা তুলে ধরতে হবে। তাহলে তারা বাংলাদেশে বিনিয়োগের সমগ্র চিত্রটি বুঝতে পারবেন।

এটুআই প্রতিনিধি জানান, সম্মেলনের প্রত্যেক সেশনে র‌্যাপোর্টিয়ার থাকবেন।  সেশনের চুম্বক অংশগুলো সংগ্রহ করবেন তারা। তারপর এগুলো একত্র করে আউটকাম ডকুমেন্টারি তৈরি করা হবে। এই সম্মেলন বিনিয়োগ সংক্রান্ত এবং বিডা বিনিয়োগ ফোকাল পয়েন্ট। তাই বিডাকে বিনিয়োগের ক্ষেত্রে কেন্দ্রবিন্দুতে রাখার আহ্বান জানান সেন্টার ফর এনআরবি  থেকে আগত প্রতিনিধি। বেজা এবং বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা তাদের জন্য আলাদা সেশন রাখার অনুরোধ জানান। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) প্রতিনিধি তৈরি পোশাক শিল্পের জন্য ১ ঘণ্টা সেশনের অনুরোধ জানিয়ে বলেন, অনিবাসী প্রকৌশলীরা আরএমজি খাতের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও স্বয়ংক্রিয় পদ্ধতি প্রয়োগের ব্যাপারে সহায়তা করতে পারবেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রতিনিধি বলেন, অনিবাসীদের কাছে যেন বাংলাদেশের বিনিয়োগ সংক্রান্ত সংস্থাগুলোর কাজ হাইলাইট হয়, এ ব্যাপারে লক্ষ রাখতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত