তেঁতুলিয়ার পারভেজের হ্যান্ডবল স্বপ্ন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪৮ এএম

হ্যান্ডবলে হাতেখড়িটা আর দশজনের মতো নয় তার। একটু বেশি বয়সেই খেলাটার সঙ্গে পরিচয় মোহাম্মদ পারভেজ মোশারফের। ২০১৭ সালে পঞ্চগড়ের তেঁতুলিয়া সরকারি কলেজে একদিন বন্ধু কায়সার তাকে অনুরোধ করে তাদের সঙ্গে হ্যান্ডবল অনুশীলনের জন্য। তখন কলেজের মাঠে চলছিল জাতীয় চ্যাম্পিয়নশিপ সামনে রেখে খেলোয়াড় বাছাই ও অনুশীলন কার্যক্রম। দায়িত্বে ছিলেন স্থানীয় কোচ নায়েবুল ইসলাম রুবেল। বাঁহাতি পারভেজকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায় কোচের। হ্যান্ডবলের প্রাথমিক শিক্ষাটা কোচ রুবেলের কাছেই পান পারভেজ। এরপর পঞ্চগড় জেলার হয়ে গত দুই বছর জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলেছেন। নিজেকে তেমনভাবে মেলে ধরতে না পারলেও তিন দিন আগে শুরু হওয়া প্রথম বিভাগ লিগে ঠিকই আলাদা করে জ্বলে উঠেছেন এই তরুণ। ফ্লেইম বয়েজ ক্লাবের হয়ে প্রথম তিন ম্যাচে করেছেন ১৬ গোল। বাঁহাতি হওয়ার সুবিধাটা কাজে লাগিয়ে প্রতিপক্ষের জালে নিয়মিতই গোল উৎসব করছেন এই রাইটব্যাক। নিজেকে পরিণত করে হ্যান্ডবলে প্রতিষ্ঠিত হতে চান পাঁচ ভাইবোনের সবচেয়ে বড় পারভেজ। স্বপ্ন দেখেন সেরা হ্যান্ডবল খেলোয়াড় হতে, চান জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে। আর এই স্বপ্ন পূরণের প্রথম ধাপে পেরোতে তিনি হতে চান চলতি লিগের সেরা খেলোয়াড়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত