কদিন আগেই আর্থিক অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিঠি পেয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনসহ তিন কর্মকর্তা। সেই ঝামেলা থেকে এখনো মুক্তি মেলেনি। এবার আরেক আইনি জটিলতায় পড়তে যাচ্ছে বাফুফের পুরো কার্যনির্বাহী কমিটি। এবার পাওনা টাকা না পেয়ে বাফুফের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন বাফুফের সাবেক ক্যাম্প কমান্ডার মোহাম্মদ আবদুস সাদেক। গত ১৭ ফেব্রুয়ারি পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে এই মামলা করেন তিনি। বাদীর আইনজীবী জানিয়েছেন, মানিস্যুট মামলাটির নাম্বার ১৩/২০১৯।
সাদেকের অভিযোগ, ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ দুটি অর্থবছরে বাফুফে তার মোট পাওনা ১৭ লাখ ৯১ হাজার ২০ টাকা বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও পরিশোধ করেনি। পাওনা আদায়ে গত ৩ ফেব্রুয়ারি সাদেকের আইনজীবী ব্যারিস্টার রেফায়েতুল হাকিম বাফুফে এবং এর কার্যনির্বাহী কমিটির ২২ সদস্যের কাছে উকিল নোটিস পাঠান। যার জবাব দেওয়ার সময় ছিল সাত দিন। কিন্তু ব্যারিস্টার রেফায়েতুল করিম জানান, ওই সময়ের মধ্যে তিনি কিংবা সাদেক কেউই কোনো লিখিত জবাব পাননি। ফলে ১৭ ফেব্রুয়ারি বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন এবং সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ ২৪ জনকে (একজনের নাম উকিল নোটিসে দুবার লেখা হয়েছে) আসামি করে মামলা করেছেন সাদেক। ‘আমার মক্কেল উকিল নোটিসের জবাব না পেয়ে অর্থ প্রাপ্তির জন্য এই মামলা দায়ের করেছেন। যার প্রথম শুনানির তারিখ ১৮ মার্চ,’ দেশ রূপান্তরকে বলেন রেফায়েতুল করিম।
এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, এখনো তারা কোনো মামলার কাগজ হাতে পাননি।
