তিন কূটনীতিকের সঙ্গে ড. কামাল ফখরুলের বৈঠক

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০৮ এএম

যুক্তরাষ্ট্রসহ তিন দেশের কূটনীতিকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং ফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর গুলশান-২ নম্বরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কোনো পক্ষই গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি।  বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা দেশ রূপান্তরকে বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের অনিয়মের বিষয়ে ফ্রন্টের গণশুনানি ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার বিষয়গুলো তাদের অবহিত করা হয়েছে। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন না দেওয়া, তার চিকিৎসা না করানোসহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিও তারা তুলে ধরেছেন রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের কাছে। 

তারা বলেন, বৈঠকে ড. কামাল রাজনৈতিক বিষয়গুলো তুলে ধরেন। মির্জা ফখরুল কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন না দেওয়াসহ দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের চিত্র তুলে ধরেন।

বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার, ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিব্লেট ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত