আগামী ১১ মার্চ অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে প্যানেল চূড়ান্ত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, বামপন্থী সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য এবং কোটা সংস্কার আন্দোলনের সময়কার প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও বাংলাদেশ ছাত্র মুক্তি জোট। গতকাল সোমবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দল ও জোটগুলো তাদের প্যানেল ঘোষণা করে।
সব হলে প্রার্থী দিতে পারেনি ছাত্রদল : ছাত্রদলের হয়ে সহসভাপতি (ভিপি) পদে মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক (জিএস) পদে আনিসুর রহমান আনিস আর সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে খোরশেদ আলম সোহেল প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া জাফরুল হাসান নাদিম স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে, মাকসুদুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কানেতা ইয়ালাম কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, আশরাফুল আলম উজ্জ্বল আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, মিনহাজ আহমেদ প্রিন্স সাহিত্য সম্পাদক, কাইয়ূম উল ইসলাম সংস্কৃতিবিষয়ক সম্পাদক, মনিরুজ্জামান মামুন ক্রীড়া সম্পাদক, মাহফুজুর রহমান চৌধুরী ছাত্র পরিবহন সম্পাদক ও তৌহিদুল ইসলাম সমাজসেবা সম্পাদক পদে লড়বেন। এ ছাড়া সদস্য পদে ছাত্রদলের মনোনয়ন পেয়েছেন হাবিবুল বাশার, আরিফ হোসেন, ইকবাল হোসাইন, সাহাব উদ্দিন, মাহমুদুল হাসান, সাফায়াত হাসনাইন সাবিত, তানভীর আজাদী সাকিব, সুলতান মো. সালাউদ্দিন সিদ্দিক, শরীফুল ইসলাম, ইমাম আল নাসের মিশুক ও আলমগীর হোসেন।
হল সংসদ নির্বাচনে সব হলে প্রার্থী দিতে পারেনি ছাত্রদল। ১৮টি হলের মধ্যে ছাত্রীদের পাঁচটি হল এবং ছেলেদের জগন্নাথ হল বাদে বাকি ১২টি হলের জন্য ভিপি, জিএস ও এজিএস পদে প্রার্থী চূড়ান্ত করেছে সংগঠনটি।
বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার সাংবাদিকদের বলেন, ‘হলের বাইরে ভোটকেন্দ্র করা, পরিবেশ তৈরির জন্য নির্বাচন তিন মাস পেছানোসহ সাত দফা দাবি জানালেও প্রশাসন আমাদের দাবির ব্যাপারে কর্ণপাত করেনি। আমরা ডাকসু নির্বাচন চাই। তাই খুব স্বল্প সময়ের মধ্যেই প্যানেল ঘোষণা করলাম।’
কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেল : বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরকে ভিপি, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খানকে জিএস ও আরেক যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে এজিএস করে প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল সকালে ডাকসুর সামনে সংবাদ সম্মেলনে আংশিক প্যানেল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। তবে বিভিন্ন হলে বাকিরা ‘কৌশলগত’ কারণে আগে থেকেই স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে পরিষদের পক্ষ থেকে নেতারা জানান। তবে ঢাবি থেকে ¯œাতকোত্তর শেষ করে বর্তমানে কোনো কোর্সে ভর্তি না থাকায় নির্বাচনে প্রার্থী হতে পারছেন না হাসান আল মামুন।
ডাকসুর কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে ১৭টি পদে প্রার্থী ঘোষণা করেছেন তারা। তাদের মধ্যে নাজমুল হুদা স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে, সোহরাব হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, শেখ এমিলি জামাল কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, হাবীবুল্লাহ বেলালী আন্তর্জাতিক সম্পাদক, আকরাম হোসেন সাহিত্য সম্পাদক, নাহিদ ইসলাম সংস্কৃতি সম্পাদক, মামুনুর রশীদ ক্রীড়া সম্পাদক, রাজিবুল ইসলাম ছাত্র পরিবহন সম্পাদক এবং আখতার হোসেন সমাজসেবা সম্পাদক পদে লড়বেন। এ ছাড়া সদস্য পদে রয়েছেন উম্মে কুলসুম বন্যা, রাইয়ান আবদুল্লাহ, সাব আল মাসানী, ইমরান হোসেন ও শাহরিয়ার আলম সৌম্য। জানতে চাইলে পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ডাকসুর এজিএস প্রার্থী ফারুক হোসেন বলেন, ‘আমাদের অনেকেই হল সংসদে স্বতন্ত্রভাবে মনোনয়ন নিয়েছেন। বাকিরা আজই (সোমবার) নেবেন।’
বাম জোটের প্যানেল : ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর দুই মোর্চা প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্য। প্রগতিশীল ছাত্র জোটের প্যানেলে ভিপি হিসেবে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, জিএস পদে ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির এবং এজিএস হিসেবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সহসভাপতি সাদিকুল ইসলাম সাদিকের নাম ঘোষণা করা হয়। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়। বাকি পদগুলোর মধ্যে রাজিব কান্তি রায় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে, উলুল আমর তালুকদার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, সুহাইল আহমেদ শুভ কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, মীম আরাফাত আন্তর্জাতিক সম্পাদক, রাজিব দাস সাহিত্য সম্পাদক, ফাহাদ হাসান আদনান সাংস্কৃতিক সম্পাদক, শুভ্রনীল রায় ক্রীড়া সম্পাদক, হাসিব মো. আশিক ছাত্র পরিবহন সম্পাদক এবং ফয়সাল মাহমুদ সমাজসেবা সম্পাদক পদে প্রার্থিতা করবেন। এ ছাড়া সদস্য পদে মঈনুল ইসলাম তুহিন, আমিনুল ইসলাম, সাজ্জাদ হোসেন, আফনান আক্তার, মিত্রময়, সালমান ফারসি, রাহাতিল রাহাত, আরমানুল হক, জেসান অর্ক, মনীষা আখতার, মাহির ফারহান খান, উদয় নাফিস ও মেহেদীকে মনোনয়ন দেওয়া হয়।
ছাত্রলীগে বিদ্রোহী প্যানেল : ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা গত রবিবার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করার একদিন পরই সংগঠনটির বিদ্রোহী প্যানেল ঘোষণা করা হয়। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন করে এ প্যানেল ঘোষণা করা হয়। ঘোষিত বিদ্রোহী প্যানেলে ভিপি পদে সোহান খান, জিএস পদে আমিনুল ইসলাম বুলবুল ও এজিএস পদে মো. রনি লড়বেন। তারা সবাই ছাত্রলীগের সাবেক নেতা। প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধুর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক সাধারণ শিক্ষার্থীদের পরিষদ’। বিদ্রোহী প্যানেলের অন্য প্রার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে জি এম সাব্বির, আন্তর্জাতিক সম্পাদক তামজিদ হোসেন, সাহিত্য সম্পাদক মাসুদ রানা ও ক্রীড়া সম্পাদক পদে গাজী নাবিদ হোসেন প্রার্থিতা করবেন। কৌশলগত কারণে প্যানেলের বাকিদের নাম জানানো হয়নি বলে জানানো হয়।
বাংলাদেশ ছাত্র মুক্তি জোট প্যানেল : ভিপি পদে শিহাব শাহরিয়ার সোহাগ, জিএস রাশেদুল ইসলাম, এজিএস অনুপ রায়, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সখিল চন্দ্র দাস, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক সুমাইয়া ইয়াসমিন স্মৃতি, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান, সাহিত্য সম্পাদক মোশাররফ হোসাইন, সংস্কৃতি সম্পাদক সায়র নিয়োগী, ক্রীড়া সম্পাদক রাইসুল ইসলাম, ছাত্র পরিবহন সম্পাদক আমিনুল ইসলাম জুবায়েদ ও সমাজসেবা সম্পাদক পদে নওরিন আক্তার নিশাত মনোনয়ন পেয়েছেন। এ ছাড়া সদস্য পদে রহিমা খাতুন, মাসুদ আল মামুন, আরিফা রহমান, আরাফাত হোছাইন, চিন্ময় মিত্র শুভ, সামাদ আকন্দ ও সাদিয়া আফরিন তৃষ্ণা লড়বেন।
ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি। মনোনয়নপত্রের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২৭ ফেব্রুয়ারি।
