কুমিল্লায় হত্যা মামলা

খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়ে ৩১ মার্চ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৬ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় বাসের আট যাত্রী পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ৩১ মার্চ পরবর্তী দিন নির্ধারণ করেছে আদালত। আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী আকবর এ দিন নির্ধারণ করেন। এর আগে গত ৪ ফেব্রুয়ারি খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করে অভিযোগ গঠনের দিন ধার্য করেছিল আদালত।

ওই আদালতের সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) মোস্তাফিজুর রহমান লিটন জানান, সোমবার এ মামলায় চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩১ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেছে আদালত। 

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান; পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেওয়া হয়। পরে ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন অধিকতর তদন্ত শেষে খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত