চকবাজার ট্র্যাজেডির দায় কাউকে না কাউকে নিতে হবে : হাইকোর্ট

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০৪ এএম

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে অবহেলা হিসেবে আখ্যায়িত করে এর দায় কাউকে না কাউকে নিতে হবে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল সোমবার আলাদা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ মন্তব্য করে।

ওই অগ্নিকা-ের ঘটনায় নিহত লোকজনের স্বজন ও দগ্ধ ব্যক্তিদের ক্ষতিপূরণ, পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে রাসায়নিক কারখানা অপসারণসহ কয়েক দফা নির্দেশনা চেয়ে কয়েকটি রিট আবেদন করা হয়। গতকাল রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে রিট আবেদনের ওপর শুনানি আজ মঙ্গলবার হবে বলে উভয়পক্ষের আইনজীবীদের জানায় আদালত। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

নিমতলীর ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কমিটির যে সুপারিশ ছিল, সেগুলোর বাস্তবায়ন হলে চকবাজারে এ দুর্ঘটনা ঘটত না এবং সরকারকেই এই সুপারিশ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করে হাইকোর্টের এই বেঞ্চ। ওই সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে এই বলে অবহিত করেন যে, সরকার এ ঘটনায় খুব আন্তরিক ছিল।

আদালত বলে, ‘প্রধানমন্ত্রী নিজেই চকবাজারের ঘটনা তদারকি করেছেন। উনি অনেক করছেন। কিন্তু প্রধানমন্ত্রী একা তো দেশ চালাতে পারবেন না। সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্ব রয়েছে। পত্রিকায় দেখেছি, সুপারিশ বাস্তবায়নে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এটি বাস্তবায়ন করা উচিত ছিল। আমরা জানি না তারা কোনো পদক্ষেপ নিয়েছেন কি না। পদক্ষেপ না নিলে ধরে নিতে হবে সংশ্লিষ্টদের অবহেলা ছিল।’

আদালত আরও বলে, ‘এটি দুর্ঘটনা নয়, অবহেলা। এর দায় কাউকে না কাউকে তো নিতে হবে। পুরান ঢাকার ওইসব এলাকার বাড়ির মালিকরা দুই-তিনগুণ বেশিতে গোডাউন (রাসায়নিকের জন্য) ভাড়া দেন। আর নিজেরা থাকেন গুলশান, বনানীতে। সিটি করপোরশেন এসব দেখেও না দেখার ভান করে। ভয়াবহ সব দুর্ঘটনায় মারা যায় সাধারণ মানুষ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত