প্রথমবারের মতো জুটি হয়েছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। এ খবরে নড়েচড়ে বসেছিলেন দুই তারকার ভক্তরা।
তাদের প্রথম গানের ভিডিও আসতে আরেকবার উচ্ছ্বাস টের পাওয়া গেল।
শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ সিনেমায় পরস্পরের বিপরীতে আছেন শাকিব ও নুসরাত। সোমবার রাতে প্রকাশ হয়েছে প্রথম গান ‘রসিক আমার’।
ফিটনেস ও নাচে শাকিবের চেয়ে সাবলীল লেগেছে নুসরাতকে। এমন মন্তব্য পাওয়া গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এর আগেও ড্যান্স নাম্বারে পারফর্ম করেছেন নুসরাত। কিন্তু এতটা গ্ল্যামারাস তাকে কোথাও লাগেনি। এমন মন্তব্যও আসছে।
দুই তারকার রসায়ন মন্দ লাগেনি। সব মিলিয়ে ড্যান্স ফ্লোরে ঝড় তুললেন তারা।
সাধক জালাল উদ্দিন খাঁ’র বিখ্যাত গান থেকে প্রথম লাইন নেওয়া হলেও কোথাও স্বীকার করা হয়নি। এ ছাড়া ভাব গানের এমন অবস্থাও অনেকে মানতে পারছেন না।
অবশ্য গানের ক্রেডিট লাইনে জালাল উদ্দিন খাঁ’র উল্লেখ নেই, গীতিকার হিসেবে পুরো ক্রেডিট দেওয়া হয়েছে ভারতের প্রিয় চট্টোপাধ্যায়কে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীতায়োজন করেছেন ভারতের স্যাভি। আরও কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা। এ ছাড়া বলিউড সিনেমা ‘দিলওয়ালে’র ‘টুকুর টুকুর’-এর সঙ্গে মিলে যায় সংগীতায়োজন।
গানটি প্রকাশ হয়েছে আনলিমিটেড অডিও ভিডিও’র ইউটিউব চ্যানেলে। আর ভিডিওটি মুক্তি পাবে মাসখানেক পর।
