ইনুর চোখে সরকারের সামনে ৫টি বড় চ্যালেঞ্জ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৪ পিএম

এই মেয়াদে বর্তমান সরকারের সামনে ৫টি বড় চ্যালেঞ্জের কথা বলেছেন সাবেক তথ্যমন্ত্রী, জাসদের কেন্দ্রীয় সভাপতি ও তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। এই চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমের অত্যন্ত জোরালো ভূমিকা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

ইনুর মতে বর্তমান সরকারের সামনে চ্যালেঞ্জগুলো হলো- দুর্নীতি দমন, বৈষম্যের অবসান, সুশাসন কার্যকর করা, রাজাকার-জামাতের পুনরুত্থান ও সকল চক্রান্ত আটকে দেওয়া এবং বিজয়কে সংহত করা।

হাসানুল হক ইনু মঙ্গলবার দুপুরে মাগুরায় জেলা জাসদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে কথাগুলো বলেন। সকাল ১১ টায় শহরের আদর্শপাড়ায় কেন্দ্রীয় জাসদ নেতা জাহিদ আলমের বাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে ঢাকায় ফেরার পথে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন।

বৈঠকে স্থানীয় সাংবাদিকরা দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমের কর্মীদের নামে মামলা, হামলা, আটক ও হয়রানির বিষয়টি তুলে ধরলে হাসানুল হক ইনু বলেন, ‘আপনারা নির্ভয়ে সমালোচনা করুন। দেশের কোথাও সাংবাদিকদের অযথা হয়রানি করা হচ্ছে না। আর আইসিটি অ্যাক্ট কিংবা সম্প্রচার আইন তৈরি হয়েছে সাইবার ক্রিমিনালদের জন্য। সাংবাদিকদের ভয়ের কোন কারণ নেই’।

মতবিনিময় সভায় জেলা জাসদ সভাপতি কামরুজ্জামান চপল, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মিঞা ওয়াহিদ কামাল বাবলু, জাসদ নেতা এমএ আওয়াল, দেলোয়ার হোসেন দিলুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত