দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন শুভাগত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৪ পিএম

প্রিমিয়ার টি-টোয়েন্টিতে আগের দিনও ঝড় তুলেছিলেন শুভাগত হোম চৌধুরী। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০ বলে ৩২ রানের ইনিংস খেলেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক। একদিন পরই ফের ঝড় উঠল ৩২ বছর বয়সীর ব্যাটে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে গড়লে দ্রুততম ফিফটির রেকর্ড।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১৮ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন শুভাগত। ১৬ বলে পূরণ করেন ফিফটি। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশির পক্ষে যা এখন সবচেয়ে দ্রুততম।

এর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল মুমিনুল হকের দখলে। ১৯ বলে ফিফটি করেছিলেন তিনি। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ডটি মোহাম্মদ আশরাফুলের। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেন আশরাফুল।

এদিন শুভাগত ২২ মিনিট উইকেটে ছিলেন। ১৬তম ওভারে ব্যাট করতে এসেছিলেন ছয় নম্বর ব্যাটসম্যান হিসেবে। বিস্ফোরক ইনিংসে ৪টি চারের সঙ্গে মেরেছেন ৬টি ছক্কা। তার টর্নেডো ইনিংসে ৪ উইকেটে ১৯২ রানের বড় পুঁজি পায় শাইনপুকুর।

জবাবে মোহামেডান ৯ উইকেটে ১৭০ রানে থামে। শাইনপুকুর জয় পায় ২২ রানে। আগের ম্যাচে রূপগঞ্জকে ৫ উইকেটে হারানো দলটি দুই ম্যাচের দুটিতেই জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত