প্রশংসিত ফারিয়া, সমালোচিত শাকিব খান!

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৫৮ পিএম

‘শাহেনশাহ’ ছবিকে কেন্দ্র করে আলোচনায় রয়েছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। সোমবার রাত ৮টায় ইউটিউবে প্রকাশিত হয় ছবিটির প্রথম গান। গানটি প্রকাশের পর থেকেই সিনে-প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই দুই তারকা।

কেউ কেউ যেমন শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ, তেমনি আবার কেউ কেউ সমালোচনাও করছেন শাকিব খানের। তবে এই সমালোচনা শাকিব খানের নাচ বা অভিনয় নিয়ে নয়। বেশির ভাগ সমালোচনা হচ্ছে শাকিব খানের বডি ফিটনেস নিয়ে। তবে অনেকটাই নিরাপদে রয়েছেন নুসরাত ফারিয়া। কারণ এই নায়িকার ভক্তরা তো তার প্রশংসা করছেনই, যারা ফারিয়ার ভক্ত নন তারাও ফারিয়ার প্রশংসা করছেন।

চলচ্চিত্র বিষয়ক ফেসবুক গ্রুপগুলোতে খোঁজ নিলেই দেখতে পারবেন গানটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। জনপ্রিয় তারকাদের কাছে ভক্তদের প্রত্যাশাটা একটু বেশিই থাকে ফলে আলোচনা-সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। তবে সমালোচনার চেয়ে এই দুই তারকার ভক্তদের উচ্ছ্বাসই বেশি টের পাওয়া গেল।

image

শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ ছবির ‘রসিক আমার’গানটি দেখে অনেকেই মন্তব্য করেছেন ফিটনেস ও নাচে শাকিবের চেয়ে সাবলীল লেগেছে নুসরাতকে। যদিও এর আগেও ড্যান্স নাম্বারে পারফর্ম করেছেন নুসরাত। কিন্তু এতটা গ্ল্যামারাস তাকে কোথাও লাগেনি। এমন মন্তব্যও করেছেন অনেকে।

বাংলা চলচ্চিত্র গ্রুপে রহমান মতি নামের একজন মন্তব্য করেছেন, ‘আপনি এক তরকারি দিয়ে রোজ ভাত খেলে যতই সুস্বাদু হোক না কেন বিরক্ত লাগবে। কিংবা একই অতিথি ঘুরেফিরে আপনার বাড়িতে বারবার আসলে কয়দিনই বা আপনি অতিথিপরায়ণ থাকতে পারবেন! ঠিক সেভাবেই এক লুকে ধারাবাহিকভাবে অনেক ছবি করলে বিরক্ত লাগবেই। শাকিব খানের 'শিকারি' ছবির সেই চাপ চাপ দাঁড়ি আর গোঁফের লুক তার পরবর্তী ছবিগুলোতে লাগাতার ব্যবহার করা হচ্ছে। কতবার ভালো লাগবে এক জিনিস! পরিবর্তন আনতে হবে। একে তো পুরোনো সেই ফিটনেস প্রবলেম আবার মাথাচাড়া দিয়েছে তার ওপর ঘুরেফিরে একই লুক বিরক্তি ঘটাচ্ছে। তার ফ্যান বেজও মে বি পছন্দ করছে না বিষয়টা। নতুন লুকে শাকিব খান-কে দেখানো হোক।’

রানা ইসলাম নামের একজন মন্তব্য করেছেন, ‘রনি ভাইকে দোষারোপ করে লাভ নাই। যেখানে দেশের ১ নম্বর নায়কের কথার কোনো মূল্য নাই সেখানে রনি ভাইকে দোষারোপ করে লাভ নাই।শাকিব খান যেখানে বলে উনি শাহেনশাহ মুভিতে নিজেকে নতুনভাবে উপস্থাপন করবে,সিক্স প্যাক বডি বানাবে।হায়রে এখন দেখি আগের চেয়ে ও মোটা। অথচ অনেকে জিৎ দেবের সঙ্গে শাকিব খান কে তুলনা করে থাকে। যার বডি ফিটনেস এর ঠিক নাই। যাই হোক এই কথাগুলো বলার উদ্দেশ্যে হলো শাকিব খানকে পঁচানো না বরং শাকিব খান তার ভক্তদের জন্য নিজেকে পরিবর্তন করুক।এটাই আশা করি।’

জাহেদ আহমেদ নামে একজন মন্তব্য করেছেন, ‘গানটি খুবই দারুণ ছিল। গানের ড্যান্স এক কথায় বলতে গেলে অসাধারণ। বাংলা সিনেমায় এই প্রথম দেখতে পেলাম হিরোর সঙ্গে তাল মিলিয়ে হিরোইন দারুণ ড্যান্স করছে। বাংলা সিনেমায় হিরো হিরোইন সমান ভাবে ড্যান্স করা খুবই রেয়ার বিষয়। বাংলা হিরোইনরা নায়কের সঙ্গে সমান ভাবে ড্যান্স করতে পারে না। কিন্তু সেই অসাধ্য কাজটি ফারিয়া করে দেখিয়েছেন। শাকিবের সঙ্গে ফারিয়াকে পারফেক্ট লাগছে। এই গানটি দেখার পরে সম্ভবত ফারিয়ার হেটার্সরাও প্রশংসা করবে। শাকিব খান বরাবরের মতো অসাধারণ। তাকে নিয়ে লেখার দরকার নেই। তবে শাকিবের সঙ্গে ফারিয়া অসাধারণ পারফর্ম করছে। শাহেনশাহ ধামাকে দেখার অপেক্ষায়।’

এদিকে, গানটি নিয়েও রয়েছে বেশ কিছু সমালোচনা। কারণ সাধক জালাল উদ্দিন খাঁ’র বিখ্যাত গান থেকে প্রথম লাইন নেওয়া হলেও কোথাও স্বীকার করা হয়নি। এ ছাড়া ভাব গানের এমন অবস্থাও অনেকে মানতে পারছেন না। ক্রেডিট লাইনে জালাল উদ্দিন খাঁ’র উল্লেখ না থাকা এবং পুরো গানের গীতিকার হিসেবে ভারতের প্রিয় চট্টোপাধ্যায়কে ক্রেডিট দেওয়ায় অনেকে সমালোচনা করেছেন ছবি সংশ্লিষ্টদের। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীতায়োজন করেছেন ভারতের স্যাভি। আরও কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা। এ ছাড়া বলিউড সিনেমা ‘দিলওয়ালে’র ‘টুকুর টুকুর’-এর সঙ্গে মিলে যায় সংগীতায়োজন। গানটি প্রকাশ হয়েছে আনলিমিটেড অডিও ভিডিও’র ইউটিউব চ্যানেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত