স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। সেখানেই চীনা টেক জায়ান্ট অপ্পো এমন একটি স্মার্টফোন ডিসপ্লে করেছে, যার প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এর ক্যামেরা। এ বছরের মাঝামাঝিতে বাজারে পাওয়া যাবে এই ফোনটি। অপ্পোর আসন্ন স্মার্টফোনটিতে থাকবে টেন-এক্স লসলেস জুম। এমন প্রযুক্তি অন্য কোনো ফোনে পাওয়া যাবে না বলে দাবি করেছে সংস্থাটি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয় ডিভাইসটির পেছনে থাকবে তিনটি ক্যামেরা লেন্স- ওয়াইড, আলট্রাওয়াইড এবং টেলিফটো। সাধারণত সব স্মার্টফোনে থাকে টু এক্স অথবা থ্রি এক্স অপটিক্যাল জুম। সেখানে অপ্পো তার ফোনে দিচ্ছে টেন-এক্স লসলেস জুম।
জুম করে ছবি তুললেও ভালো মান পাওয়া যাবে ছবির। কোয়ালিটি পড়ে যাবে না, অর্থাৎ খারাপ হবে না। ছবি তোলার সময় বিষয়বস্তুর ওপর ফোকাস করে টেন-এক্স জুম করলে কোনো আওয়াজ ধরা পড়বে না। তাই নতুন ফোনের জুমকে ‘লসলেস’ বলে আখ্যায়িত করেছে কোম্পানি। ক্রেতাদের সাধ্যের মধ্যে ফোনটির দাম নির্ধারণের চেষ্টা করবে অপ্পো।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও জানানো হয়, ২০১৯ সালের মাঝামাঝি সময়ে এই স্মার্টফোন বাজারে আসবে। টেন-এক্স লসলেস জুম ক্যামেরা প্রযুক্তিসহ তিনটি ক্যামেরার একটিতে রয়েছে ১৬ মিমি ফোকাল দৈর্ঘ্য এবং ১২০ ডিগ্রি ভিউসহ আট মেগাপিক্সেল ক্যামেরা। আরেকটি ক্যামেরায় ওআইএসসহ আছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। সর্বশেষটিতে আছে ১২ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং সঙ্গে ১৬০ এমএমের ফোকাল দৈর্ঘ্য ও ওআইএস সংবলিত অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন।
বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটি হাতে নিয়ে একজন মন্তব্য করেন, ‘প্রোটোটাইপ ফোনটি হাতে নেওয়ার পর, প্রথম ক্যামেরাটি খুলেই ছবি তুলতে শুরু করি। তবে, এই ফোন নিয়ে আমাদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। টেন-এক্স লসলেস জুম কতটা নিখুঁত, তা যাচাই করার চেষ্টা করি।’ তিনি আরও বলেন, ‘বারবার টেন-এক্স জুম করে দেখেছি, বলা বাহুল্য এত লম্বা দৈর্ঘ্যরে জুমে ছবিতে তুলনামূলক অনেক কম আওয়াজ ছিল।’
