স্বামী নিয়ে খোলামেলা বয়ানে প্রিয়াঙ্কা-কারিনা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০১ পিএম

শেষ হলো বলিউডের সবচেয়ে আলোচিত-সমালোচিত টিভি শো ‘কফি উইথ করন সিজন সিক্স’। আর এই আসরের শেষ পর্বে উপস্থিত ছিলেন বলিউডের দুই সুন্দরী কারিনা কাপুর খান ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। গত রবিবার রাতে প্রচার করা হয় শোটি। ট্রেইলার প্রকাশের পর থেকে সেরা দুই তারকার সাজ ও পোশাক নিয়ে অনেক চর্চা হয়েছে। তা ছাড়া বলিউড চলচ্চিত্র অঙ্গনের সেরা তারকাদের নিয়ে সেরা জুটিটিই গড়েন শো-র সঞ্চালক জনপ্রিয় চিত্রনির্মাতা করন জোহর। কারিনা আর প্রিয়াঙ্কা জুটি হয়ে টিভি শোতে আসতে পারেন এটাই ছিল চমক। কারণ দীর্ঘদিন তারা একসঙ্গে কোনো কাজ করেননি, এমনকি তারা বাস্তব জীবনেও খুব একটা ঘনিষ্ঠ নন। ফলে এই পর্বের প্রতি দর্শকের আলাদা আকর্ষণ ছিল। দুই অতিথি ও উপস্থাপক খুব ভালোভাবেই দর্শকের সেই প্রত্যাশা পূরণ করেছেন। মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ের পরে এটাই প্রথম প্রিয়াঙ্কার ছোট পর্দার ঝলক। কারিনা কাপুর পরেছিলেন লাল গাউন আর প্রিয়াঙ্কা চোপড়া হলুদ রঙের পোশাক।অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া নিকের সঙ্গে তার বিয়ে নিয়ে কথা বলেছেন, অন্যদিকে কারিনা তার দুই বছরের ছেলে তৈমুরের জনপ্রিয়তা নিয়ে মুখ খুলেছেন। আরও অনেক বিষয়ে কথা বলেছেন তারা। তবে এর আগে তারা এই অনুষ্ঠানেই একে অপরের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যও করেছেন। ২০১০ সালে প্রিয়াঙ্কা সম্পর্কে কারিনা বলেন, ‘ও এই উচ্চারণটা কোথা থেকে পেল?’ দুই পর্ব পরে প্রিয়াঙ্কা কারিনাকে একহাত নিয়ে বলেন, ‘যেখান থেকে ওর বয়ফ্রেন্ড পেয়েছে (শহিদ কাপুর, প্রিয়াঙ্কার আগে কারিনার সঙ্গে তার প্রেমের খবর সবার জানা), ঠিক সেই জায়গা থেকেই।’

আর এই পর্বেও উপস্থাপক করন জোহর সেই শহিদ কাপুরকে নিয়ে কথা তোলেন। তিনি একটি ঘটনা বলেন, যখন শহিদ-কারিনা প্রেম করছিলেন। তারা একবার বালিতে ছুটি কাটাতে যাচ্ছিলেন। কিন্তু ট্রিপের মাঝেই প্রিয়াঙ্কাসহ আরও চারজন বন্ধু তাদের সঙ্গে যোগ দেন। শুধু তা-ই নয়, করন জানান, কীভাবে শহিদ কাপুরের জন্য কারিনা ভেজিটেরিয়ান হয়ে যান।

সঞ্চালক করন জোহর তার অনুষ্ঠানে কারিনার স্বামীর সাবেক স্ত্রী অমৃতা সিংকে নিয়েও কথা বলেন। এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘অমৃতাকে আমি শ্রদ্ধা করি। তবে আমরা কখনো সামনাসামনি হইনি।’ তিনি আরও জানালেন, সাইফ নিজের দুই সন্তান সারা আর ইব্রাহীমকে নিয়ে বিয়ের আগে বলেছিলেন, ‘আমার দুই সন্তান আমার পরিবার। ওরা আমার সঙ্গেই থাকবে। ওরা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ।’ শুনে আমি বলেছিলাম, ‘আমি তোমাকে ভালোবাসি আর তোমার সঙ্গে যারা থাকবে, তাদেরও নিজের করে নেব।’

ভালোবাসার দিনগুলোর অনুভূতি বাস্তব জীবনেও অটুট আছে। কারিনা কাপুর খান বললেন, ‘আমি তখন সাইফকে পাগলের মতো ভালোবেসেছি। এখনো তাই, আর ভবিষ্যতেও তা-ই থাকবে। আর তখন যা বিশ্বাস করেছি, এখনো তা এতটুকু বদলায়নি।’ তবে গত মৌসুমে বিশ্বদরবারে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য প্রিয়াঙ্কার প্রশংসা করেন কারিনা কাপুর। গত বছর এই শোতে প্রিয়াঙ্কা চোপড়া একাই যান। আর কারিনা কাপুর খানকে দেখা গিয়েছিল সোনম কাপুরের সঙ্গে। কারিনা কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া ‘অ্যায়েতরাজ’ ও ‘ডন’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত