শিক্ষক আন্দোলনে সেশনজটের শঙ্কা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৫ পিএম

শিক্ষককে প্রাণনাশের হুমকি ও মানববন্ধনে হামলায় জড়িতদের শাস্তির দাবিতে অনড় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শিক্ষক সমিতি। দাবি আদায়ে টানা দেড়মাস কর্মসূচি পালন করছেন তারা। গত সোমবার থেকে শিক্ষকরা প্রতিদিন দুপুর দেড়টার পর থেকে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন। শিক্ষকদের ধারাবাহিক কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। নিয়মিত ক্লাস না হওয়ায় নির্দিষ্ট সময়ে কোর্স শেষ হওয়া নিয়ে শঙ্কায় আছেন শিক্ষার্থীরা।

গত ৮ ও ৯ জানুয়ারি ক্যাম্পাসে র‌্যাগিংবিরোধী পোস্টার লাগানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ইকবাল কবীর জাহিদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিনের বাদানুবাদ হয়। পরে ওই শিক্ষককে প্রাণনাশের হুমকি দেয় দুর্বৃত্তরা। এর প্রতিবাদে ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। সেখানে হামলা চালিয়ে মানববন্ধন কর্মসূচিতে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জানান, শিক্ষকদের কর্মসূচির কারণে ঠিকমতো ক্লাস হচ্ছে না। অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা। সেই হিসেবে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করে পরীক্ষায় বসা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘সমস্যা সমাধানের চেষ্টা করছি। দুপুরের পর ক্লাস বর্জনে শিক্ষার্থীদের সমস্যা একটু হবে। সেটি পরে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে পূরণ করা হবে।’ তিনি বলেন, কোর্স সম্পন্ন করেই শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত