রাজধানীর পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধ সাতজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল মঙ্গলবার হাসপাতালটির বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন দেশ রূপান্তরকে এ তথ্য জানান।বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে ভর্তি থাকা সাতজনের মধ্যে মাহমুদুলের শরীরের ১৩ ভাগ, সেলিম ব্যাপারীর ১৪ ভাগ, হেলালের ১৬ ভাগ, রেজাউলের ৫১ ভাগ, জাকিরের ৩৫ ভাগ, মোজাফফরমিয়ার ৩০ ভাগ এবং সালাউদ্দীনের শরীরের ১০ ভাগ পুড়ে গেছে। তাদের প্রায় সবারই শ্বাসনালিও পুড়েছে।
জানতে চাইলে সামন্ত লাল সেন বলেন, ‘সাতজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তিনজনের অবস্থা মোটামুটি ভালো। তবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।’এদিকে এই অগ্নিকাণ্ডে দগ্ধ দুজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে মারা যান। তাদের লাশ গতকাল মঙ্গলবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম বলেন, ‘আমরা ওই দুজনের পরিবারকে নগদ ২০ হাজার করে টাকা বুঝিয়ে দিয়েছি। এছাড়া মঙ্গলবার নতুন করে আর কেউ নিখোঁজের সন্ধানে আসেনি।’সোমবার রাতে মারা যাওয়া দুজন হলেন সোহাগ (২২) ও আনোয়ার হোসেন (৫৫)। সোহাগের বাবা আবু তাহের জানান, লাশ গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরের মাহমুদপুর গ্রামে নিয়ে দাফন করা হবে। অন্যদিকে আনোয়ারের ছেলে হৃদয় জানান, বাদ জোহর তার বাবার লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
