জোভান-সামিয়ার ‘লিটল রোম ক্যাফে’

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩৩ পিএম

ভিকি জাহেদ এবার নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লিটল রোম ক্যাফে’। অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও ২০১৮ সালের লাক্স সুপারস্টার প্রতিযোগিতার দ্বিতীয় রানার-আপ সামিয়া অথৈ।

ভিকির পরিচালনায় এর আগে জোভান অভিনয় করলেও অথৈ এই প্রথম যুক্ত হলেন।

স্বল্পদৈর্ঘ্যটি প্রসঙ্গে নির্মাতা ভিকি জাহেদ বলেন, “লিটল রোম ক্যাফে’ একদিকে যেমন সম্ভাবনার গল্প, অন্যদিকে আক্ষেপের গল্প। পৃথিবীর কিছু ভয়ংকর ঘটনা আছে, যা হয়তো অন্যভাবেও ঘটতে পারতো। শুধু প্রয়োজন ছিল সামান্য সদিচ্ছার অথবা আত্মোপলব্ধির। এমনি এক কালো অধ্যায় নিয়ে নতুন স্বল্পদৈর্ঘ্যটির গল্প সাজানো হয়েছে। আমার বিশ্বাস এর ক্লাইম্যাক্স দর্শকদের মনুষ্যত্ব ও মানবতা নিয়ে নতুন করে ভাবাবে।”

এর গল্পে দেখা যাবে অথৈর বাসার সামনের বিল্ডিংয়ে জোভান ও তার বন্ধুরা বাসা ভাড়া নেয়। প্রথম দেখাতেই জোভানকে অথৈর ভালো লেগে যায়।

জোভানও ধীরে ধীরে অথৈকে পছন্দ করতে শুরু করেন। কিন্তু সব সময়ই প্রেম নিয়ে সংশয়গ্রস্ত থাকেন। কোনো এক অজানা শক্তি জোভানকে ভালোবাসা প্রকাশে বারবার বাধা দেয়।

সিএস অভির প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্যটি শনিবার আনভি ফক্সের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। জোভান-অথৈ ছাড়াও অভিনয় করেছেন আদিল খান, হোসাইন আহমেদ মাসুম, শুভ ও সালাম খান তরুণ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত