ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে উড়ে গেল ভারত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৯ পিএম

ঝোড়ো ব্যাটিংয়ে ভারতকে বড় পুঁজি এনে দিলেন অধিনায়ক বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনিও খেললেন দারুণ। তবে কোহলি-ধোনির ইনিংস ম্লান হয়ে গেল একজন গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে। তার অপরাজিত সেঞ্চুরিতে একরকম উড়ে গেল ভারত।

বুধবার বেঙ্গালুরুতে দুই ম্যাচ টি-টোয়েন্টির দ্বিতীয়টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯০ রান করে ভারত। অস্ট্রেলিয়া লক্ষ্য পেরিয়ে গেছে ২ বল হাতে রেখেই। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ১১৩ রানে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল।

এই জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০তে হারল ভারত। সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া।

এদিন লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২২ রানে দুই উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। মার্কাস স্টয়নিস ৭ ও অ্যারন ফিঞ্চ ৮ রান করে ফিরে যান। তবে এরপরই ম্যাক্সওয়েল ও ওপেনার ডি অর্চি শর্টের ব্যাটে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে দুজনে যোগ করেন ৭৩ রান। শর্ট ২৮ বলে ৬ চারে ৪০ রান করে ফেরেন। এরপর পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

ম্যাক্সওয়েল ১১৩ রানের ইনিংস খেলেছেন ৭ চার ও ৯ ছক্কায়। হ্যান্ডসকম্ব ১৮ বলে ২০ রানে অপরাজিত থেকে যান।

এর আগে লোকেশ রাহুলের ৪৭, ধোনির ৪০ ও কোহলির অপরাজিত ৭২ রানে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রান করে ভারত। এদিন রোহিত শর্মাকে বিশ্রামে রেখে মাঠে নামে ভারত। উদ্বোধনী জুটিতে রাহুল ও ধাওয়ান যোগ করেন ৬১ রান। সপ্তম ওভারের প্রথম বলেই রাহুল বিদায় নিলে উইকেটে আসেন বিরাট কোহলি। ২৬ বলে ৪ ছক্কা ও ৩ চারে ৪৭ রান করেন রাহুল।

কোহলি উইকেটে আসার পর অন্য প্রান্তে পড়ল দ্রুত দুই উইকেট। ওপেনার ধাওয়ান ফিরে যান ১৪ রান করে। রিশভ পান্ত ১ রানে বিদায় নেন। এরপর চতুর্থ উইকেটে কোহলি ও ধোনির শতরানের জুটিতে ভারত পায় বড় স্কোর।

ধোনি ২০তম ওভারের প্রথম বলে ফেরার আগে ২৩ বলে করেন ৪০ রান। তার ইনিংসে ছিল ৩টি করে ছক্কা ও চার। আর কোহলি ৩৮ বলে অপরাজিত ৭২ রান করেন ৬ ছক্কা ও ২ চারে। ২৯ বলে এদিন ফিফটি পূরণ করেন কোহলি। শেষ ওভারে ব্যাটিংয়ে এসে ৩ বলে দুই চারে ৮ রান করেন দিনেশ কার্তিক।

ম্যাচ সেরা হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ২ মার্চ পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামবে দুই দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত