ক্রিকেটে সময়টা এখন বড় অদ্ভুত। শক্তিশালী দলকে অপেক্ষাকৃত দুর্বলরা হালে কীভাবেই না মাটিতে নামিয়ে এনেছে। সেই নজির সামনে রেখেই শুরু নিউজিল্যান্ডের মাটিতে তিন টেস্টের প্রথমটি। আর এসব দেখেশুনে ব্ল্যাক ক্যাপস অধিনায়ক কেন উইলিয়ামসন তো গতকাল হ্যামিল্টনের সেডন পার্কে বলেই দিলেন, ‘যে কেউ যে কাউকে হারাতে পারে।’সুতরাং নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ প্রতিবার গিয়ে সব হেরে এলেও আত্মপ্রসাদের জায়গা নেই প্রতিপক্ষের। বিশ্বের দুই নম্বর টেস্ট দলের নেতা নয় নম্বরে থাকা বাংলাদেশের বিপক্ষে সেই ভুলের পথে নিজে হাঁটবেন না। দলকেও হাঁটতে দেবেন না।
বিশ্ব র্যাংকিংয়ের পঞ্চম ইংল্যান্ড ২-১-এ ক্যারিবিয়ানে সিরিজ হেরেছে অষ্টম র্যাংকের ওয়েস্ট ইন্ডিজের কাছে। ২০০৯ সালের পর এমনটা ঘটল। আরও বড় আপসেট ঘটিয়েছে ছয় নম্বর র্যাংকের শ্রীলঙ্কা। এই উইকএন্ডে এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ জিতল ২-০-তে। হোয়াইটওয়াশ তখনো দুই নম্বরে থাকা দুর্ধর্ষ প্রোটিয়ারা। শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ হালে টেস্টে কি খুব শক্তিশালী দল? ‘দক্ষিণ আফ্রিকাতে শ্রীলঙ্কা কী কাণ্ডটাই না করল।’ কাল প্রথম টেস্টের দল ঘোষণার পর উইলিয়ামসন বলছিলেন, ‘দক্ষিণ আফ্রিকার মতো একটা দলকে যে কোনোখানেই হারানো কঠিন। সেখানে কি না তাদের মাটিতে! কিন্তু যে কেউ আসলে যে কাউকে হারাতে পারে।’ বাংলাদেশ ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারিয়েছে ঘরে। বাইরেও কিছু সাফল্য আছে। নিউজিল্যান্ডে নয়। এবং উইলিয়ামসন যে কথা বলছিলেন সেটারই প্রতিধ্বনি ঘটে বাংলাদেশ কোচ স্টিভ রোডসের কণ্ঠে। এই ইংলিশ শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রসঙ্গ টেনে বলে দিলেন, ‘শ্রীলঙ্কা যা করেছে তা নজিরবিহীন। আমার ছেলেরা ওই ফল দেখলে অবশ্যই সেখান থেকে অনুপ্রেরণা পাবে। আমি এটা আমাদের টিম আলাপে ব্যবহারও করব।’
এর সঙ্গে কোথা থেকে যেন এক প্রত্যয়ী উচ্চারণও রোডসের, ‘আমরা যেমনটা পারি তেমনটা খেলতে পারলেই নিউজিল্যান্ডারদের চমকে দেব।’ কিন্তু উইলিয়ামসনের দলের সামনে টানা পঞ্চম টেস্ট সিরিজ জয়ের হাতছানি। দারুণ পেশাদার ও পরিকল্পনায় অতুলনীয় দলের নেতা শেষটা টানেন এভাবে, ‘আসল কথা হলো সিরিজ জিততে হবে। প্রত্যেক সিরিজ জয়ে কিছু লক্ষ্য পূরণ হয়। কখনো কখনো দেখি র্যাংকিং নিয়ন্ত্রণে থাকে, কখনো আবার থাকে না। কঠিন ফোকাস ঠিক রাখা। আমরা রোজই আরও ভালো ক্রিকেট খেলছি। ওটাই পথ করে দেয়।’ সেডন পার্ক মূলত ব্যাটিং উইকেটের। কিন্তু উইলিয়ামসনের কাছে এবার একটু অন্যরকম লাগল। তবে নামছেন কমপ্লিট পেস ব্যাটারি নিয়েই। টস জিতলে কী সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তেই নাকি পৌঁছতে পারেননি বিশ্বের অন্যতম সেরা ক্যাপ্টেন ও ব্যাটসম্যান!
বাংলাদেশ দল (সম্ভাব্য) : তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, আবু জায়েদ, মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড দল : জিত রাভাল, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, নিল ওয়াগনার, টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট।
