ঝিনাইদহের কালীগঞ্জ শহরে স্ত্রী রেবা রাণী (৪১) নামে হত্যার পর স্বামী শৈলেন দেবনাথ (৫০) নামে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার কালীগঞ্জ শহরের থানা পাড়ার মোদাচ্ছের আলীর বাসায় এ ঘটনাটি ঘটে। পরে পুলিশ খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করেছে।
নিহত শৈলেন দেবনাথ যশোর সদর উপজেলার সাতমাইল গ্রামের বাসিন্দা। স্ত্রী রেবা রাণী মাগুরা সদর উপজেলার নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুছ আলী জানান, কালীগঞ্জ শহরে থানা পাড়ার মোদাচ্ছের আলীর বাসায় স্বামী ও স্ত্রীর মরদেহ পড়ে রয়েছে এমন খবরে সেখানে যায় পুলিশ। পরে ঘরের দরজা ভেঙে বিছানায় থাকা স্ত্রী রেবা রাণী ও ঝুলন্ত অবস্থায় স্বামী শৈলেন দেবনাথের লাশ উদ্ধার করা হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কাঁচামাল ব্যবসায়ী শৈলেন দেবনাথ বিভিন্ন ব্যবসায়ীর কাছে টাকা দেনা ছিল। এ নিয়ে রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তাকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।
